চৌগাছায় পিকআপের ধাক্কায় স্কুলছাত্র নিহত, আহত দুই সহপাঠী
প্রথম দর্পণ, ডেস্ক||
প্রকাশিত: ৪ অক্টোবর ২০২৬, সকাল ৭:৩৪ সময়
যশোরের চৌগাছায় দ্রুতগতির পিকআপ ভ্যানের ধাক্কায় জুবায়ের হোসেন (১৫) নামে এক স্কুলছাত্র নিহত হয়েছে। এ ঘটনায় একই মোটরসাইকেলে থাকা তার দুই সহপাঠী আহত হয়েছে। রোববার সকালে চৌগাছা-মহেশপুর সড়কের ফাঁসতলা মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।নিহত জুবায়ের উপজেলার নারায়ণপুর ইউনিয়নের চাঁদপাড়া গ্রামের আব্দুল আলিম দফাদারের ছেলে। আহতরা হলো একই গ্রামের জাহিদুল ইসলামের ছেলে লিখন (১৫) ও অসিম উদ্দীনের ছেলে ফাহিম (১৫)। তারা তিনজনই চাঁদপাড়া মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী।স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, রোববার সকালে জুবায়ের, লিখন ও ফাহিম একটি মোটরসাইকেলে করে প্রাইভেট পড়তে যাচ্ছিল। পথে চৌগাছা-মহেশপুর সড়কের ফাঁসতলা মোড় এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগতির পিকআপ ভ্যান তাদের মোটরসাইকেলকে সজোরে ধাক্কা দেয়। দুর্ঘটনার পর পিকআপটি দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তিন শিক্ষার্থীকে উদ্ধার করে চৌগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক জুবায়েরকে মৃত ঘোষণা করেন। আহত লিখন ও ফাহিমের আঘাত গুরুতর না হওয়ায় তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।চৌগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুনুর রশিদ দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। দুর্ঘটনার জন্য দায়ী পিকআপটি শনাক্ত এবং চালককে গ্রেপ্তারে অভিযান চলছে।