মুক্তির পর থেকেই বক্স অফিসে সাড়া ফেলেছে অজয় দেবগন অভিনীত ‘দৃশ্যম ৩’। শুক্রবার (২ অক্টোবর) প্রেক্ষাগৃহে মুক্তির পর হিন্দিভাষী দর্শকদের পাশাপাশি মালয়ালি দর্শকদের মধ্যেও সিনেমাটি নিয়ে তৈরি হয়েছে ব্যাপক আগ্রহ। অনেক মালয়ালি দর্শক মূল মালয়ালম সংস্করণের চেয়ে অজয় দেবগনের হিন্দি সংস্করণকেই গল্প ও নির্মাণের দিক থেকে বেশি জমজমাট বলে প্রশংসা করছেন।সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এক মালয়ালম কনটেন্ট ক্রিয়েটরের রিভিউ ভিডিওতে এমন প্রতিক্রিয়া উঠে এসেছে। ওই কনটেন্ট ক্রিয়েটর জানান, আগে মালয়ালি দর্শকদের বড় একটি অংশ ‘দৃশ্যম’ ফ্র্যাঞ্চাইজির হিন্দি সংস্করণ নিয়ে খুব একটা আগ্রহী ছিলেন না। তবে তৃতীয় কিস্তির নির্মাণ ও গল্পের সমাপ্তি তাদের সেই ধারণা বদলে দিয়েছে।তার ভাষ্য, হিন্দি ছবির নির্মাতারা ‘দৃশ্যম’ গল্পের সমাপ্তি যেভাবে টেনেছেন, তা প্রশংসার দাবি রাখে। বিশেষ করে নতুন চিত্রনাট্য ও নির্মাণশৈলী তাকে মুগ্ধ করেছে। মূল মালয়ালম সংস্করণের পরিচালক জিতু জোসেফের সহায়তা ছাড়াই হিন্দি নির্মাতারা নতুন করে গল্প সাজিয়েছেন বলেও তিনি উল্লেখ করেন।সামাজিক যোগাযোগমাধ্যমের ওই ভিডিওর মন্তব্যের ঘরেও মালয়ালি দর্শকদের কাছ থেকে একই ধরনের প্রতিক্রিয়া দেখা গেছে। অনেকেই অজয় অভিনীত ‘দৃশ্যম ৩’কে মোহনলাল অভিনীত মালয়ালম সংস্করণের তুলনায় বেশি পছন্দ করার কথা জানিয়েছেন। কারও কারও মতে, মালয়ালম সংস্করণের তুলনায় হিন্দি ছবির নির্মাণ আরও আকর্ষণীয় হয়েছে।তবে মোহনলালের ভক্তদের অনেকেই এ মতের সঙ্গে একমত নন। তাদের দাবি, গল্পের মোড় বা নির্মাণশৈলী যতই ভালো হোক, অভিনয়ের ক্ষেত্রে মোহনলালকে ছাড়িয়ে যাওয়া কঠিন।সরাসরি রিমেক নয় তৃতীয় কিস্তি‘দৃশ্যম’ ফ্র্যাঞ্চাইজির প্রথম দুটি হিন্দি সিনেমা মূল মালয়ালম ছবির সরাসরি রিমেক ছিল। তবে তৃতীয় কিস্তিতে সেই ধারাবাহিকতা রাখা হয়নি। পরিচালক অভিষেক পাঠক ও অভিনেতা অজয় দেবগন মূল গল্পের গণ্ডি পেরিয়ে নতুন একটি চিত্রনাট্যের মাধ্যমে হিন্দি ফ্র্যাঞ্চাইজির সমাপ্তি টানার পরিকল্পনা করেন। এ বিষয়ে মূল মালয়ালম ছবির অভিনেতা মোহনলালের সম্মতিও নেওয়া হয়েছিল বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।মুক্তির প্রথম দিনেই বক্স অফিসে বড় সাফল্য পেয়েছে ‘দৃশ্যম ৩’। ট্রেড অ্যানালিস্টদের হিসাবে, ভারতে প্রথম দিনে সিনেমাটি প্রায় ৬৬ কোটি ৭৫ লাখ রুপি আয় করেছে। বিশ্বব্যাপী প্রথম দিনের সংগ্রহ ৯৫ কোটি রুপি ছাড়িয়েছে বলেও জানা গেছে। এর মধ্য দিয়ে অজয় দেবগনের দীর্ঘ অভিনয় ক্যারিয়ারে সবচেয়ে বড় উদ্বোধনী আয়ের রেকর্ডও গড়েছে সিনেমাটি।