ইউটিউব শর্টসের সুপারিশ ব্যবস্থায় পরিবর্তন আনছে প্ল্যাটফর্মটি। অন্য নির্মাতার ভিডিও সামান্য সম্পাদনা করে বা কোনো নিজস্ব সংযোজন ছাড়াই পুনরায় প্রকাশ করা কনটেন্টের বিস্তার কমিয়ে দেওয়া হবে। বিপরীতে, মৌলিক কনটেন্ট এবং অন্যের ভিডিওর ক্লিপ ব্যবহার করলেও তাতে নিজস্ব মন্তব্য, বিশ্লেষণ, সম্পাদনা বা গল্প বলার ধরন যুক্ত করা ভিডিওকে গুরুত্ব দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে।সম্প্রতি নির্মাতাদের উদ্দেশে দেওয়া এক ব্লগ পোস্টে ইউটিউব জানিয়েছে, দর্শকদের জন্য আরও মানসম্মত শর্টস অভিজ্ঞতা নিশ্চিত করতেই সুপারিশ ব্যবস্থায় এই পরিবর্তন আনা হচ্ছে। দর্শকের দেখার ইতিহাস, আগ্রহ ও বিভিন্ন ধরনের সম্পৃক্ততাসহ একাধিক সংকেত বিশ্লেষণ করে কোন ভিডিও তাদের কাছে উপযোগী হতে পারে, তা নির্ধারণ করে প্ল্যাটফর্মের সুপারিশ ব্যবস্থা।কপি-পেস্ট কনটেন্টে কমবে প্রচারইউটিউব জানিয়েছে, যারা মূলত অন্য নির্মাতার ভিডিও সংগ্রহ করে বড় ধরনের পরিবর্তন ছাড়াই পুনরায় আপলোড করেন, তাদের ভিডিও শর্টস ফিডে আগের তুলনায় কম প্রদর্শিত হতে পারে।অর্থাৎ, জনপ্রিয় কোনো নির্মাতার ভিডিও থেকে একটি অংশ কেটে সামান্য সম্পাদনা করে নতুন শর্টস তৈরি করলেই আগের মতো সহজে দর্শকের কাছে পৌঁছানোর সুযোগ থাকবে না।তবে অন্যের ভিডিওর ক্লিপ ব্যবহার পুরোপুরি নিষিদ্ধ করছে না ইউটিউব। বরং ব্যবহৃত ক্লিপের সঙ্গে নির্মাতার নিজস্ব সৃজনশীলতা ও মূল্য সংযোজন থাকা জরুরি।নিজস্ব মন্তব্য ও বিশ্লেষণে গুরুত্বঅন্যের ভিডিও ব্যবহার করে শর্টস তৈরি করতে হলে তাতে নতুন ও মৌলিক উপাদান যুক্ত করার পরামর্শ দিয়েছে ইউটিউব। এর মধ্যে থাকতে পারে নিজস্ব মন্তব্য, ব্যাখ্যা, বিশ্লেষণ, সৃজনশীল সম্পাদনা, গল্প বলার ভিন্ন কৌশল কিংবা কোনো বিষয়ে স্বতন্ত্র দৃষ্টিভঙ্গি।শুধু ভিডিওর আকার পরিবর্তন, গতি সামান্য বাড়ানো-কমানো, কিছু লেখা যুক্ত করা বা টেমপ্লেটভিত্তিক ছোটখাটো সম্পাদনাকে যথেষ্ট মূল্য সংযোজন হিসেবে বিবেচনা করা হবে না।ফলে প্রতিক্রিয়াভিত্তিক ভিডিও, বিশ্লেষণধর্মী কনটেন্ট, ব্যাখ্যামূলক ভিডিও কিংবা রিমিক্সধর্মী কনটেন্ট নির্মাতাদের জন্য সুযোগ থাকছে। তবে এসব কনটেন্টেও ব্যবহৃত ভিডিওর সঙ্গে নির্মাতার নিজস্ব বক্তব্য বা সৃজনশীল উপাদান যুক্ত থাকতে হবে।মৌলিক কনটেন্টে বাড়তি সুযোগশর্টস প্ল্যাটফর্মে দ্রুত বিপুলসংখ্যক ভিডিও তৈরি ও প্রকাশ করা যায়। ফলে জনপ্রিয় কনটেন্ট কেটে বা সামান্য পরিবর্তন করে পুনরায় প্রকাশের প্রবণতাও বেড়েছে। একই ধরনের ভিডিও বারবার দর্শকের সামনে আসার প্রবণতা কমিয়ে মৌলিক নির্মাতাদের কনটেন্টকে বেশি সুযোগ দেওয়াই নতুন ব্যবস্থার অন্যতম লক্ষ্য।নিজেদের দীর্ঘ ভিডিও থেকে শর্টস তৈরি করা নির্মাতাদের ক্ষেত্রে এই পরিবর্তনের প্রভাব পড়বে না বলে জানিয়েছে ইউটিউব। নতুন ব্যবস্থা মূলত অন্য নির্মাতার ভিডিও বড় ধরনের পরিবর্তন ছাড়াই পুনরায় প্রকাশ করা কনটেন্টের বিস্তার কমানোর দিকে লক্ষ্য করছে।তবে কোন পর্যায়ের সম্পাদনা বা মন্তব্যকে ইউটিউব ‘প্রকৃত মূল্য সংযোজন’ হিসেবে বিবেচনা করবে, সে বিষয়ে এখনো বিস্তারিত নির্দেশনা দেওয়া হয়নি। একইভাবে পরিবর্তনটি সবার জন্য ঠিক কখন থেকে পুরোপুরি কার্যকর হয়েছে, সে বিষয়েও নির্দিষ্ট সময়সূচি জানায়নি প্ল্যাটফর্মটি।