হানিয়ার হাতে আরবি ট্যাটু, বার্তা ‘প্রথমে নিজেকে ভালোবাসো’
প্রথম দর্পণ, বিনোদন ডেক্স||
প্রকাশিত: ৫ অক্টোবর ২০২৬, সকাল ৭:৪ সময়
পাকিস্তানের জনপ্রিয় অভিনেত্রী হানিয়া আমিরের হাতে থাকা একটি আরবি ট্যাটু নতুন করে ভক্তদের নজর কেড়েছে। ট্যাটুটিতে আত্মপ্রেম ও আত্মমর্যাদার তাৎপর্যপূর্ণ বার্তা রয়েছে।সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে কয়েকটি ছবি প্রকাশ করেন হানিয়া আমির। ছবিগুলোতে তাঁর বাঁ হাতের কবজির কিছুটা ওপরে একটি আরবি ট্যাটু দেখা যায়। সেখানে লেখা রয়েছে—‘حب نفسك أولاً’ (হুব নাফসাকা আওয়ালা)। বাংলায় যার অর্থ—‘প্রথমে নিজেকে ভালোবাসো’।সম্পর্ক ও দৈনন্দিন জীবনের নানা জটিলতার মধ্যে আত্মযত্ন, আত্মমর্যাদা এবং নিজের প্রতি ইতিবাচক মনোভাবের গুরুত্ব তুলে ধরে এই বার্তা। হানিয়ার ফ্যাশন সচেতনতার সঙ্গেও ট্যাটুটির বিষয়বস্তু বেশ সামঞ্জস্যপূর্ণ বলে মনে করছেন তাঁর ভক্তরা।‘কাভি ম্যায় কাভি তুম’খ্যাত এই অভিনেত্রী অভিনয়ের পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমে সক্রিয় উপস্থিতি এবং নিজস্ব ফ্যাশন স্টাইলের জন্যও পরিচিত। তাঁর পোশাক, চুলের কাট ও বিভিন্ন ধরনের পরীক্ষামূলক লুক প্রায়ই ভক্তদের মধ্যে আগ্রহ তৈরি করে।২০১৬ সালে ‘জানান’ চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে বড় পর্দায় অভিষেক হয় হানিয়ার। পরে ‘মেরে হামসফর’ নাটকে হালা চরিত্রে অভিনয় করে ব্যাপক জনপ্রিয়তা পান তিনি। ‘পারওয়াজ হ্যায় জুনুন’ ও ‘কাভি ম্যায় কাভি তুম’-এর মতো আলোচিত কাজও তাঁর জনপ্রিয়তা আরও বাড়িয়েছে।হানিয়ার শরীরে এর আগেও একটি উল্লেখযোগ্য ট্যাটু রয়েছে। বাহুর ভেতরের দিকে জনপ্রিয় অ্যানিমেশন সিরিজ ‘দ্য পাওয়ারপাফ গার্লস’-এর অন্যতম চরিত্র বাবলসের ছবি আঁকা রয়েছে। ২০২৩ সালে ওই ট্যাটুটি করিয়েছিলেন তিনি।ফ্যাশন ও ব্যক্তিগত স্টাইলের নানা অনুষঙ্গের পাশাপাশি নতুন আরবি ট্যাটুর মাধ্যমে নিজের প্রতি ভালোবাসার যে বার্তা হানিয়া তুলে ধরেছেন, সেটিই এখন তাঁর ভক্তদের আলোচনার কেন্দ্রে।