পাবনার চাটমোহরে একটি উচ্চ বিদ্যালয়ের কম্পিউটার ল্যাব থেকে চুরি হওয়া ১৭টি ল্যাপটপ উদ্ধার করেছে পুলিশ। সোমবার উপজেলার ইদিলপুর কালীমন্দিরসংলগ্ন মহাশ্মশানের ঝোপঝাড় থেকে চারটি ব্যাগে রাখা অবস্থায় ল্যাপটপগুলো উদ্ধার করা হয়।স্থানীয়দের দেওয়া খবরের ভিত্তিতে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ব্যাগগুলো উদ্ধার করে। পরে ব্যাগ তল্লাশি করে ১৭টি ল্যাপটপ পাওয়া যায়। যাচাই-বাছাই শেষে পুলিশ নিশ্চিত হয়, এগুলো উপজেলার শরৎগঞ্জ তফিজ উদ্দিন আহমেদ উচ্চ বিদ্যালয়ের কম্পিউটার ল্যাব থেকে চুরি যাওয়া ল্যাপটপ।চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অলিউর রহমান বলেন, সোমবার সকালে স্থানীয়রা ইদিলপুর মহাশ্মশানের ঝোপঝাড়ের মধ্যে কয়েকটি ব্যাগ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেন। পুলিশ গিয়ে ব্যাগগুলো উদ্ধার করে। পরে সেগুলোর ভেতর থেকে ১৭টি ল্যাপটপ পাওয়া যায়।তিনি জানান, যাচাই করে নিশ্চিত হওয়া গেছে, উদ্ধার হওয়া ল্যাপটপগুলো শরৎগঞ্জ তফিজ উদ্দিন আহমেদ উচ্চ বিদ্যালয়ের কম্পিউটার ল্যাব থেকে চুরি হয়েছিল। আদালতের মাধ্যমে ল্যাপটপগুলো বিদ্যালয় কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হবে।যেভাবে চুরি হয়েছিলপুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ১৩ সেপ্টেম্বর রাতে দুর্বৃত্তরা বিদ্যালয়ের কম্পিউটার ল্যাবের জানালার গ্রিল কেটে ভেতরে প্রবেশ করে। এ সময় তারা ল্যাব থেকে ১৭টি ল্যাপটপ ও অ্যাডাপ্টর নিয়ে যায়। চুরির ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।ঘটনার প্রায় তিন সপ্তাহ পর চুরি যাওয়া ল্যাপটপগুলো শ্মশানের ঝোপ থেকে উদ্ধারের ঘটনায় চুরির সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের বিষয়টি এখন তদন্তের আওতায় রয়েছে।