হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায় পরিত্যক্ত অবস্থায় একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন ও দুই রাউন্ড গুলি উদ্ধার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-৯।বুধবার (৭ অক্টোবর) ভোররাতে উপজেলার বৈরাগী টিলার পাশে অভিযান চালিয়ে এসব অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়।এসআরবি-৯ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে সিপিসি-৩ শায়েস্তাগঞ্জ ক্যাম্পের একটি আভিযানিক দল বৈরাগী টিলার পাশে অভিযান পরিচালনা করে। এ সময় একটি বাঁশঝাড়ের ভেতরে সাদা কাপড়ে মোড়ানো অবস্থায় পরিত্যক্ত একটি বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও দুই রাউন্ড গুলি পাওয়া যায়।তবে উদ্ধার করা অস্ত্র ও গুলির সঙ্গে তাৎক্ষণিকভাবে কাউকে আটক করা সম্ভব হয়নি।এসআরবি-৯-এর অতিরিক্ত পুলিশ সুপার ও মিডিয়া অফিসার কে এম শহিদুল ইসলাম সোহাগ জানান, উদ্ধার করা আগ্নেয়াস্ত্র ও গুলি জিডিমূলে চুনারুঘাট থানায় হস্তান্তর করা হয়েছে। অস্ত্রগুলো সেখানে কীভাবে এলো এবং এর সঙ্গে কারা জড়িত, তা জানতে তদন্ত চলছে।বুধবার রাত সাড়ে ৭টার দিকে এক বিজ্ঞপ্তিতে এসআরবি-৯-এর পক্ষ থেকে এসব তথ্য জানানো হয়।