ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) পূর্ববিরোধের মীমাংসাকে কেন্দ্র করে ছাত্রদলের দুই পক্ষের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। বুধবার দিবাগত রাত ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে এ সংঘর্ষ হয়। এতে উভয় পক্ষের অন্তত পাঁচজন আহত হয়েছেন।আহতদের মধ্যে রয়েছেন সার্জেন্ট জহুরুল হক হল ছাত্রদলের সদস্যসচিব শাহরিয়ার লিওন, সূর্যসেন হলের আবাসিক শিক্ষার্থী ও আরবি বিভাগের শিক্ষার্থী রমজান আলী, হল শাখার সদস্য সাইফ আলী শিথিল, সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী মাহফুজ সৌরভ এবং পালি ও বুদ্ধিস্ট স্টাডিজ বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী আরিফুল ইসলাম তারেক।সংঘর্ষের পর রমজান আলী অচেতন হয়ে পড়লে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অ্যাম্বুলেন্সে করে তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়। অন্য আহতরা ওই রাতেই ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে প্রাথমিক চিকিৎসা নেন।মীমাংসার বৈঠক থেকে সংঘর্ষজানা গেছে, গত ৫ অক্টোবর ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি চত্বরে পালি ও বুদ্ধিস্ট স্টাডিজ বিভাগের শিক্ষার্থী আরিফুল ইসলাম তারেককে মারধরের অভিযোগ ওঠে সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী মাহফুজ সৌরভের বিরুদ্ধে। ওই ঘটনার মীমাংসার জন্য বুধবার রাতে ছাত্রদলের দুই পক্ষের নেতাকর্মী ও তারেকের বন্ধুরা জড়ো হন।মীমাংসার একপর্যায়ে কথা কাটাকাটি থেকে সংঘর্ষের সূত্রপাত হয় বলে জানা গেছে।আরিফুল ইসলাম তারেকের দাবি, গত সোমবার বিকেল সাড়ে ৩টার দিকে মাহফুজ সৌরভ মোটরসাইকেল দিয়ে তাকে প্রায় ধাক্কা দিতে যাচ্ছিলেন। এ ঘটনায় প্রতিবাদ করলে সৌরভ তাকে কয়েকবার চড় মারেন। এ নিয়ে গণমাধ্যমেও প্রতিবেদন প্রকাশ হয়।তারেকের ভাষ্য অনুযায়ী, পরদিন তিনি ও তার কয়েকজন বন্ধু সৌরভকে বিষয়টি নিয়ে জিজ্ঞাসাবাদ করতে গেলে সৌরভ ভয়ে মোটরসাইকেলটি রাস্তায় ফেলে চলে যান। পরে মোটরসাইকেলটি সূর্যসেন হলে নিয়ে যাওয়া হয়।দুই পক্ষের পাল্টাপাল্টি অভিযোগসূর্যসেন হলের আবাসিক শিক্ষার্থী ফাইম শাহরিয়ার সাজিবের অভিযোগ, মীমাংসার বৈঠকের সময় জহুরুল হক হল ছাত্রদলের নেতাকর্মীরা লাঠি নিয়ে এসে তাদের মারধর করেন। তার দাবি, সার্জেন্ট জহুরুল হক হল ছাত্রদলের সদস্যসচিব শাহরিয়ার লিওনই সংঘর্ষে উসকানি দেন।তবে অভিযোগ অস্বীকার করেছেন লিওন। তার দাবি, আগের বিরোধের জেরে তারেক ও তার বন্ধুরা সৌরভকে মারধর করতে গিয়েছিলেন। বিষয়টি মীমাংসার উদ্যোগ নিয়ে তিনি বৈঠকের ব্যবস্থা করেন। সৌরভ ক্ষমা চাওয়ার পরপরই অন্য পক্ষ তাদের ওপর হামলা চালায় বলে দাবি করেন তিনি।মাহফুজ সৌরভের অভিযোগ, তারেকের লোকজন তার মোটরসাইকেল নিয়ে সেটি ফেরত দেওয়ার জন্য টাকা দাবি করেন। তবে গত ৫ অক্টোবরের ঘটনার বিষয়ে জানতে চাইলে তিনি ফোন কেটে দেন এবং পরে আর ফোন ধরেননি।থানায় লিখিত অভিযোগএদিকে আরিফুল ইসলাম তারেককে মারধরের ঘটনায় প্রাথমিক চিকিৎসা নেওয়ার পর বুধবার দিবাগত রাতেই শাহবাগ থানায় তারেক ও তার বন্ধুদের বিরুদ্ধে লিখিত অভিযোগ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন সার্জেন্ট জহুরুল হক হল ছাত্রদলের সদস্যসচিব শাহরিয়ার লিওন।ঘটনাটি নিয়ে দুই পক্ষের পাল্টাপাল্টি অভিযোগের মধ্যে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ছাত্রদলের অভ্যন্তরীণ বিরোধের বিষয়টিও সামনে এসেছে।