কাদিয়ানিদের অমুসলিম ঘোষণার দাবিতে ঐতিহাসিক আন্দোলনে দেওবন্দের শীর্ষ আলেমদের পাশাপাশি মাওলানা আবুল আ’লা মওদুদীরও প্রশংসনীয় ভূমিকা ছিল বলে মন্তব্য করেছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির আল্লামা মামুনুল হক। তিনি বলেন, মওদুদীর মুক্তির দাবিতেও ভারত, পাকিস্তান ও বাংলাদেশসহ উপমহাদেশের আলেমরা ঐক্যবদ্ধভাবে আন্দোলনে অংশ নিয়েছিলেন।সম্প্রতি জামিয়াতুত তারবিয়াহ আল ইসলামিয়ায় আয়োজিত এক সমাবেশে দেওয়া বক্তব্যে তিনি এসব কথা বলেন।মওদুদীর মুক্তির দাবিতে আলেমদের ঐক্যের কথামামুনুল হক বলেন, কাদিয়ানিদের অমুসলিম ঘোষণার প্রশ্নে মাওলানা মওদুদীর ভূমিকা প্রশংসার দাবিদার। ওই আন্দোলনে তাঁকে সঙ্গে নিয়ে কাজ করার পাশাপাশি তাঁর মুক্তির দাবিতেও উপমহাদেশের দেওবন্দি আলেমরা ঐক্যবদ্ধ হয়ে রাজপথে নেমেছিলেন।জুলাইয়ের অর্জন নস্যাতের চেষ্টা আত্মঘাতী হবেবক্তব্যে জুলাই গণ-অভ্যুত্থানের প্রসঙ্গ তুলে মামুনুল হক বলেন, ছাত্র-জনতার রক্তের বিনিময়ে অর্জিত জুলাই দীর্ঘদিনের বৈষম্য ও দুঃশাসন থেকে মুক্তির স্বপ্ন দেখিয়েছে। এ অর্জন বাস্তবায়নে কওমি মাদরাসার শিক্ষার্থীরা সোহরাওয়ার্দী উদ্যানে মহাসমাবেশসহ বিভিন্ন আন্দোলন-সংগ্রামে অগ্রণী ভূমিকা পালন করেছে।তিনি সতর্ক করে বলেন, নানা অজুহাতে কেউ জুলাইয়ের অর্জন নস্যাৎ কিংবা এ নিয়ে বিভক্তি তৈরির চেষ্টা করলে তা হবে চরম আত্মঘাতী। দেশ ও জাতির ভবিষ্যৎ সুরক্ষায় যেকোনো ষড়যন্ত্রের বিরুদ্ধে আলেম সমাজ ঐক্যবদ্ধভাবে লড়াই চালিয়ে যাবে।