দুর্গাপূজার মণ্ডপে পাহারা জোরদারের আহ্বান রিজভীর
প্রথম দর্পণ, ডেস্ক||
প্রকাশিত: ১২ অক্টোবর ২০২৬, দুপুর ১০:১৭ সময়
আসন্ন দুর্গাপূজাকে কেন্দ্র করে সম্ভাব্য নাশকতা ও অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলায় পূজামণ্ডপগুলোতে নজরদারি ও পাহারার ব্যবস্থা জোরদার করার আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী। তিনি বলেছেন, পরাজিত শক্তি ও তাদের মদতদাতারা পূজার পরিবেশ বিঘ্নিত করে সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন করার চেষ্টা করতে পারে। এ জন্য দলীয় নেতাকর্মীদের সতর্ক থাকতে হবে।সোমবার (১২ অক্টোবর) জাতীয় প্রেস ক্লাবে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আ স ম হান্নান শাহর দশম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। হান্নান শাহ স্মৃতি সংসদ এ সভার আয়োজন করে।রিজভী বলেন, গতকাল পুলিশ নাশকতার পরিকল্পনার অভিযোগে দুই অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তাকে গ্রেপ্তার করেছে। সামনে দুর্গাপূজা থাকায় বিষয়টি মাথায় রেখে নেতাকর্মীদের সতর্ক থাকতে হবে। পরাজিত শক্তি ও তাদের মদতদাতারা বিভিন্ন উপায়ে পূজার পরিবেশ নষ্ট করে সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন করার চেষ্টা করতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেন তিনি।তিনি আরও বলেন, পূজামণ্ডপের নিরাপত্তা নিশ্চিত করতে দলীয় নেতাকর্মীদের ঘুমহীন প্রহরীর মতো সজাগ থাকতে হবে। এ জন্য পূজা উদ্যাপন কমিটির সদস্যদের সঙ্গে হিন্দু সম্প্রদায়ের মানুষের আলোচনা করে প্রতিটি মণ্ডপে পাহারা ও পর্যবেক্ষণের ব্যবস্থা করতে হবে।রিজভী নেতাকর্মীদের স্বেচ্ছায় ও স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে এ দায়িত্ব পালনের আহ্বান জানান। তাঁর মতে, সম্মিলিত উদ্যোগ ও সতর্কতার মাধ্যমে পূজার পরিবেশ শান্তিপূর্ণ রাখতে সহযোগিতা করা সম্ভব।