যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তা: শেখ হাসিনাকে দায়ী করলেন জামায়াত আমির
প্রথম দর্পণ, ডেস্ক||
প্রকাশিত: ১৪ অক্টোবর ২০২৬, দুপুর ১২:১৯ সময়
যুক্তরাষ্ট্রের জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসকে হেনস্তার ঘটনায় ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দায়ী করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। এ ঘটনায় সরকারকে দ্রুত যথাযথ পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।মঙ্গলবার (১৩ অক্টোবর) বিকেলে নিজের ফেসবুক পোস্টে এসব কথা বলেন জামায়াত আমির।পোস্টে ডা. শফিকুর রহমান অভিযোগ করেন, দেশ ছেড়ে পালিয়ে যাওয়া শেখ হাসিনা যুক্তরাষ্ট্রেও তাঁর সমর্থকদের দিয়ে সন্ত্রাসী কর্মকাণ্ডে উসকানি দিচ্ছেন। ড. মুহাম্মদ ইউনূসকে হেনস্তার ঘটনার দায় শেখ হাসিনাকেই নিতে হবে বলে মন্তব্য করেন তিনি।জামায়াত আমির আরও লেখেন, দেশের বাইরে থেকেও এ ধরনের কর্মকাণ্ডের মাধ্যমে সংশ্লিষ্ট ব্যক্তিরা নিজেদের ফ্যাসিবাদী চরিত্রের প্রমাণ দিচ্ছেন। এ পরিস্থিতিতে সরকারের দ্রুত যথাযথ পদক্ষেপ নেওয়া উচিত বলেও তিনি উল্লেখ করেন।বিমানবন্দরে স্লোগান, ছড়িয়ে পড়ে ভিডিওএর আগে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, যুক্তরাষ্ট্রের জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরের ভেতরে হুইলচেয়ারে বসে থাকা ড. মুহাম্মদ ইউনূসের দিকে কয়েকজন ব্যক্তি এগিয়ে গিয়ে উচ্চস্বরে স্লোগান দিচ্ছেন।ভিডিওতে বিক্ষোভকারীদের ‘ইউ আর আ টেরোরিস্ট’ ও ‘হোয়াই ইউ কাম হিয়ার’ বলতে শোনা যায়। এ সময় তাঁরা ড. ইউনূসের বিরুদ্ধে বাংলাদেশের গণতন্ত্র ধ্বংস করার অভিযোগ তোলেন। বাংলাদেশের পুলিশ বাহিনীর ভূমিকা নিয়েও বিভিন্ন স্লোগান দেন তাঁরা।পরে সঙ্গে থাকা এক সহযোগীর সহায়তায় সামনের দিকে এগিয়ে যান ড. ইউনূস।ঘটনাটি নিয়ে রাজনৈতিক অঙ্গনে আলোচনা তৈরি হয়েছে। জামায়াত আমিরের বক্তব্যে এ ঘটনার জন্য শেখ হাসিনাকে দায়ী করা হলেও তাঁর অভিযোগের বিষয়ে প্রতিবেদনে স্বতন্ত্র কোনো প্রমাণ উল্লেখ করা হয়নি।