সিরাজগঞ্জ সদর উপজেলার খোকশাবাড়ী ইউনিয়নের শালুয়াভিটা হাটসংলগ্ন শৈলাবাড়ী মৌজার দইভাঙ্গা কাটাখালের পাড় থেকে অবৈধভাবে মাটি উত্তোলনের অভিযোগ উঠেছে। খালের পাড় ঘেঁষে বেকু মেশিন দিয়ে মাটি কাটায় পাশের বাড়িঘর ভেঙে যাওয়ার আশঙ্কা করছেন স্থানীয় দুই বৃদ্ধ।অভিযোগকারী শালুয়াভিটা গ্রামের বাসিন্দা বৃদ্ধ মো. সুলতান শেখ (৭০), পিতা মৃত রমজান আলী শেখ এবং মো. আনোয়ার হোসেন (৭০), পিতা মৃত সোলাইমান আলী শেখ। তাঁদের দাবি, গত সোমবার থেকে একশ্রেণির প্রভাবশালী ব্যক্তি বেকু মেশিন দিয়ে তাঁদের বাড়ির পাশ দিয়ে প্রবাহিত দইভাঙ্গা কাটাখালের পাড় থেকে মাটি উত্তোলন করছেন।স্থানীয়দের অভিযোগ, খালের পাড়ের মাটি এভাবে কেটে নেওয়া হলে পাড় দুর্বল হয়ে ভাঙনের সৃষ্টি হতে পারে। এতে বসতবাড়িসহ আশপাশের স্থাপনা ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে।ভুক্তভোগী সুলতান শেখ ও আনোয়ার হোসেন বলেন, তাঁদের বাড়ির একেবারে পাশে খালের পাড় থেকে মাটি কেটে নেওয়া হচ্ছে। এতে যেকোনো সময় পাড় ভেঙে বাড়িঘর ক্ষতিগ্রস্ত হতে পারে। তাঁরা দ্রুত মাটি কাটা বন্ধের দাবি জানান।এ বিষয়ে তাঁরা অবৈধভাবে মাটি উত্তোলন বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ এবং জড়িতদের বিরুদ্ধে আইনগত পদক্ষেপ নিতে সদর উপজেলা প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে আশা করছেন ভুক্তভোগীরা।