সন্ত্রাসী হামলায় গুরুতর আহত জামায়াতে ইসলামীর বরগুনা জেলা শাখার সাবেক সহকারী সেক্রেটারি শামীম আহসানকে দেখতে রাজধানীর পঙ্গু হাসপাতালে গেছেন বিরোধীদলীয় নেতা ও দলটির আমির ডা. শফিকুর রহমান এমপি। শুক্রবার সন্ধ্যায় হাসপাতালে গিয়ে তিনি আহত নেতার চিকিৎসার খোঁজখবর নেন এবং পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন।এ সময় কর্তব্যরত চিকিৎসকের সঙ্গে কথা বলে শামীম আহসানের প্রয়োজনীয় চিকিৎসা নিশ্চিত করার বিষয়ে পরামর্শ দেন তিনি। পরে উপস্থিত ব্যক্তিদের নিয়ে শামীম আহসানের দ্রুত ও পূর্ণ সুস্থতা কামনায় দোয়া করেন।হামলার তদন্ত ও বিচারের দাবিহাসপাতাল থেকে বেরিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ডা. শফিকুর রহমান। তিনি অভিযোগ করেন, জাতীয়তাবাদী দলের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তি ও তাদের অঙ্গসংগঠনের নেতাকর্মীরা বিভিন্নভাবে মানুষকে হয়রানি করেছেন। এর আগে একজনের পা ভেঙে দেওয়া, বাড়িঘরে হামলা, দোকানপাটে লুটপাট এবং ভয়ভীতি দেখিয়ে চাঁদা আদায়ের মতো ঘটনাও ঘটেছে বলে দাবি করেন তিনি। এসব ঘটনার তালিকা তাদের কাছে রয়েছে বলেও জানান।শফিকুর রহমান বলেন, ঘটনার পরপরই তিনি সরকারদলীয় চিফ হুইপকে ফোন করে সুষ্ঠু তদন্তের মাধ্যমে দায়ীদের বিচারের আওতায় আনার আহ্বান জানিয়েছেন। সরকার ঘটনার নিরপেক্ষ তদন্ত করে ন্যায়বিচার নিশ্চিত করবে বলে আশা প্রকাশ করেন তিনি।তিনি বলেন, “আমরা আর এ ধরনের ঘটনা দেখতে চাই না। আমরা চাই না, কেউ ফুলের পাপড়ি দিয়েও কাউকে আঘাত করুক। রাজনীতি হবে রাজনীতির ভাষায়, সন্ত্রাসের ভাষায় নয়।”সুস্থ রাজনৈতিক পরিবেশের আহ্বানবিরোধীদলীয় নেতা বলেন, প্রত্যেক রাজনৈতিক দলের নিজস্ব আদর্শ ও কর্মসূচি রয়েছে। দেশে সুস্থ ও সুষ্ঠু রাজনৈতিক পরিবেশ প্রতিষ্ঠা করা প্রয়োজন। কারও কোনো বক্তব্য বা অভিযোগ থাকলে তা জাতীয় সংসদে তুলে ধরার সুযোগ রয়েছে।তিনি সবাইকে সহিংসতা পরিহার করে সুস্থ ধারার রাজনীতি চর্চার আহ্বান জানান।