কিউআর কোড স্ক্যানেই পাঠানো যাবে টাকা, চালু পিটুপি লেনদেন
মোঃ রায়হান চৌধুরী, (নিজস্ব প্রতিবেদক)||
প্রকাশিত: ১ নভেম্বর ২০২৬, দুপুর ১:৫৬ সময়
বাংলা কিউআর কোড স্ক্যান করে একজনের কাছ থেকে অন্যজনের কাছে সরাসরি অর্থ পাঠানোর সুবিধা চালু হয়েছে। নতুন এ ব্যবস্থায় টাকা পাঠাতে প্রাপকের মোবাইল নম্বর বা ব্যাংক হিসাব নম্বর টাইপ করার প্রয়োজন হবে না।রোববার (১ নভেম্বর) থেকে দেশে বাংলা কিউআরভিত্তিক ব্যক্তি থেকে ব্যক্তি (পিটুপি) লেনদেন সেবা চালু হয়েছে। বাংলাদেশ ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নতুন এ সেবার আওতায় অর্থ প্রেরণকারী ব্যক্তি প্রাপকের কিউআর কোড স্ক্যান করে প্রয়োজনীয় তথ্য যাচাইয়ের পর লেনদেন সম্পন্ন করতে পারবেন। এতে ব্যক্তিপর্যায়ে অর্থ স্থানান্তর আরও সহজ, দ্রুত ও সুবিধাজনক হবে।বাংলাদেশ ব্যাংকের মতে, বাংলা কিউআরভিত্তিক পিটুপি সেবা চালুর ফলে দৈনন্দিন লেনদেনে নগদ অর্থের ওপর নির্ভরতা কমবে। পাশাপাশি ডিজিটাল পেমেন্টের ব্যবহার বাড়বে এবং দেশের পেমেন্ট ব্যবস্থা আরও অন্তর্ভুক্তিমূলক হবে।কেন্দ্রীয় ব্যাংক আশা করছে, এ উদ্যোগ ক্যাশলেস লেনদেনের প্রসারেও ভূমিকা রাখবে।তথ্যসূত্র: বাংলাদেশ ব্যাংকের সংবাদ বিজ্ঞপ্তি।