মেয়াদ ১২ বছর, প্রতিবছর নবায়ন বাধ্যতামূলক; ফিটনেস সনদ ছাড়া সড়কে চলাচল নয়ব্যাটারিচালিত অটোরিকশা বা ই-রিকশার নিবন্ধন কার্যক্রম শুরু হয়েছে। নতুন বিধিমালা অনুযায়ী, দুই যাত্রী ধারণক্ষমতার ই-রিকশার প্রাথমিক নিবন্ধন ফি ৮ হাজার টাকা এবং চার যাত্রীর ক্ষেত্রে ১০ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে। নিবন্ধনের মেয়াদ হবে ১২ বছর। তবে প্রতি বছর নিবন্ধন নবায়ন করতে হবে।রোববার (১ নভেম্বর) সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম এসব তথ্য জানান। তিনি বলেন, সোমবার (২ নভেম্বর) থেকে দেশের ১৩টি সিটি করপোরেশনে ই-রিকশার নিবন্ধন কার্যক্রম শুরু করা যাবে।নতুন নিয়মে দুই যাত্রী ধারণক্ষমতার ই-রিকশার বার্ষিক নবায়ন ফি ৪ হাজার টাকা এবং চার যাত্রীর ক্ষেত্রে ৫ হাজার টাকা। ফিটনেস সনদের জন্য দিতে হবে এক হাজার টাকা। এ ছাড়া প্রতিটি নিবন্ধিত ই-রিকশার জন্য কিউআর কোডযুক্ত নম্বর প্লেট ও তথ্যসংবলিত ব্লু-বুক দেওয়া হবে। নম্বর প্লেটের জন্য অতিরিক্ত এক হাজার টাকা দিতে হবে।নিবন্ধন ও ফিটনেস ছাড়া চলাচল নিষিদ্ধনতুন বিধিমালা অনুযায়ী, নিবন্ধন ও ফিটনেস সনদ ছাড়া কোনো ই-রিকশা সড়কে চলাচল করতে পারবে না। জাতীয় মহাসড়ক, এক্সপ্রেসওয়ে এবং প্রধান বাস চলাচলের সড়কেও এসব যান চলাচল নিষিদ্ধ থাকবে। পাশাপাশি ই-রিকশার সর্বোচ্চ গতিসীমা, যাত্রী ধারণক্ষমতা ও চলাচলের রুট নির্ধারণ করা হবে।প্রতিটি ই-রিকশাকে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) নির্ধারিত প্রযুক্তিগত ও নিরাপত্তা মান পূরণ করতে হবে। পুরোনো ই-রিকশার ক্ষেত্রেও প্রয়োজনীয় কাঠামোগত পরিবর্তন এনে অনুমোদন নিতে হবে।ঢাকায় আটটি অঞ্চলে চলাচল নিয়ন্ত্রণঢাকার দুই সিটি করপোরেশন এলাকায় ই-রিকশার চলাচল নিয়ন্ত্রণে আটটি অঞ্চল নির্ধারণ করা হবে। প্রতিটি অঞ্চলের জন্য থাকবে আলাদা রং। তবে নিবন্ধন কার্যক্রম শুরু হলেও একসঙ্গে সব ই-রিকশা সরিয়ে দেওয়া হবে না। পর্যায়ক্রমে নিবন্ধন এবং অবৈধ যান অপসারণের কার্যক্রম পরিচালনা করা হবে।