বাধা দেওয়ায় গৃহকর্তাসহ একই পরিবারের তিনজনকে কুপিয়ে জখম, লুট তিন ভরি স্বর্ণকক্সবাজারের চকরিয়ায় একটি বসতবাড়িতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। মুখোশধারী ১০ থেকে ১২ জনের সশস্ত্র ডাকাত দল দরজা ভেঙে ঘরে প্রবেশ করে পরিবারের সদস্যদের অস্ত্রের মুখে জিম্মি করে নগদ টাকা ও স্বর্ণালংকার লুট করে নিয়ে গেছে। ডাকাতদের বাধা দিতে গেলে ধারালো অস্ত্রের আঘাতে গৃহকর্তাসহ একই পরিবারের তিনজন আহত হয়েছেন।রোববার (১ নভেম্বর) দিবাগত রাতে চকরিয়ার হিন্দুপাড়া এলাকার নারায়ণ কান্তি দের বসতবাড়িতে এ ডাকাতির ঘটনা ঘটে।ভুক্তভোগী নারায়ণ কান্তি দে জানান, মুখোশ পরা ডাকাত দলের সদস্যরা ঘরের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করেই পরিবারের সবাইকে অস্ত্রের মুখে জিম্মি করে। এ সময় বাধা দেওয়ার চেষ্টা করলে ডাকাতরা ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি আঘাত করে। এতে তিনি নিজে, তাঁর বড় ভাই বাঁশি মোহন দে (৪৮) এবং ভাতিজা প্রশান্ত দে (১৯) গুরুতর আহত হন।তিনি আরও জানান, ডাকাতরা ঘরের আলমারি ভেঙে তিন ভরি স্বর্ণালংকার ও নগদ তিন লাখ টাকা লুট করে নিয়ে যায়।ডাকাতির খবর পেয়ে সোমবার দুপুরে চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেন। এ সময় পুলিশের সদস্যরা বিভিন্ন আলামত সংগ্রহ করেন এবং পরিবারের অন্য সদস্যদের সঙ্গে কথা বলে ঘটনার বিস্তারিত তথ্য জানেন।চকরিয়া থানার ওসি আরিফুর রহমান জানান, ডাকাতির খবর পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। আহতদের চিকিৎসার খোঁজখবর নেওয়া হচ্ছে। ডাকাতদের শনাক্ত করা এবং লুণ্ঠিত মালামাল উদ্ধারে পুলিশ কাজ করছে।