দ্বিতীয় দফায় জিজ্ঞাসাবাদের আদেশ, জামিন আবেদন নাকচ; তদন্তের স্বার্থে সাত দিনের রিমান্ড চেয়েছিল পুলিশবাংলাদেশ বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট তাহসিফ সৌরির মৃত্যুর ঘটনায় দায়ের করা হত্যা মামলায় তাঁর বন্ধু আহমেদ শাহরিয়ার রেজা দীপকে দ্বিতীয় দফায় তিন দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত। মঙ্গলবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. হাসান শাহাদাতের আদালত এ আদেশ দেন।রাষ্ট্রপক্ষের আইনজীবী শামসুদ্দোহা সুমন আদেশের বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে চার দিনের রিমান্ড শেষে মঙ্গলবার দীপকে আদালতে হাজির করা হয়। এ সময় মামলার তদন্ত কর্মকর্তা নৌ পুলিশের টঙ্গী ফাঁড়ির পরিদর্শক ফিরোজ উদ্দিন তাঁকে আরও সাত দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করেন।রাষ্ট্রপক্ষ রিমান্ডের পক্ষে শুনানি করে। অন্যদিকে আসামিপক্ষের আইনজীবীরা রিমান্ড বাতিল ও জামিনের আবেদন জানান। উভয় পক্ষের শুনানি শেষে আদালত জামিন আবেদন নাকচ করে তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।রিমান্ড আবেদনে যেসব তথ্যদ্বিতীয় দফার রিমান্ড আবেদনে বলা হয়, তথ্যপ্রযুক্তি ও গোপন সংবাদের ভিত্তিতে জানা গেছে, ঘটনার দিন দীপ নিহত তাহসিফ সৌরিকে নিয়ে টঙ্গী পশ্চিম থানার মাজার বস্তি এলাকায় গিয়েছিলেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে দীপ জানিয়েছেন, সৌরি তাঁর সিনিয়র ছিলেন।তদন্ত কর্মকর্তার আবেদনে আরও দাবি করা হয়, প্রাথমিক তদন্তে হত্যাকাণ্ডে দীপের জড়িত থাকার প্রমাণ পাওয়া গেছে। মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে তাঁকে পুনরায় জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন।এর আগে গত ৩১ অক্টোবর সাত দিনের রিমান্ড আবেদন করা হলে আদালত দীপের চার দিনের রিমান্ড মঞ্জুর করেন।যেভাবে নিখোঁজ ও উদ্ধার হয় মরদেহমামলার বিবরণ অনুযায়ী, গত ২৭ অক্টোবর সন্ধ্যায় রাজধানীর উত্তরার ১৮ নম্বর সেক্টরের বাসা থেকে বের হওয়ার পর নিখোঁজ হন তাহসিফ। পরিবারের সদস্যদের ভাষ্য, জুনিয়র বন্ধু দীপের ডাকে সাড়া দিয়ে তিনি বাসা থেকে বের হয়েছিলেন।ওই দিন সন্ধ্যা সাড়ে ৬টার দিকে রাজউক উত্তরা অ্যাপার্টমেন্ট প্রকল্পের একটি গ্যারেজের সামনে সিসিটিভি ফুটেজে তাহসিফ ও দীপকে একসঙ্গে দেখা যায়। ফুটেজে তাঁদের হাত মেলানোর পর পৃথক দুটি মোটরসাইকেলে করে চলে যেতে দেখা গেছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।পরদিন ২৮ অক্টোবর বিকেল সাড়ে ৪টার দিকে তুরাগ নদে মরদেহ ভাসার খবর পেয়ে টঙ্গী নদী পুলিশ ফাঁড়ির সদস্যরা রাজাবাড়ী ঘাট এলাকা থেকে মরদেহ উদ্ধার করেন। হাতের ঘড়ি ও পকেটে থাকা আইফোনের সূত্র ধরে মরদেহের পরিচয় শনাক্ত করা হয়।এ ঘটনায় ৩১ অক্টোবর ভোরে অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের আসামি করে হত্যা মামলা করেন তাহসিফের বাবা কে এম এনায়েতুল করিম। পরে তথ্যপ্রযুক্তির সহায়তা ও সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে কাফরুল থানা এলাকা থেকে তাহসিফের বান্ধবী জেরিকা তাসনিম দিশাকে গ্রেপ্তার করে পুলিশ। তিনিও বর্তমানে চার দিনের পুলিশ রিমান্ডে রয়েছেন।