দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে স্বল্প বেতনে জীবনযাপন কঠিন, দ্রুত মজুরি কাঠামো পুনর্বিন্যাসের আহ্বানদ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতির মধ্যে স্বল্প বেতনে পোশাকশ্রমিকদের জীবনযাপন অসম্ভব হয়ে পড়েছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও সংসদে বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। তিনি গাজীপুরের শ্রীপুরে পোশাকশ্রমিক তৌফিক হত্যার ঘটনায় তীব্র নিন্দা জানিয়ে দ্রুত সুষ্ঠু তদন্তের মাধ্যমে দায়ীদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন। একই সঙ্গে শ্রমিকদের বেতন কাঠামো পুনর্বিন্যাসে সরকারকে জরুরি পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।বুধবার (৪ নভেম্বর) জামায়াতের অফিশিয়াল প্ল্যাটফর্মে প্রচারিত এক ভিডিও বার্তায় দেশের পোশাকশিল্পে চলমান শ্রমিক অসন্তোষ ও সার্বিক পরিস্থিতি নিয়ে কথা বলতে গিয়ে এসব দাবি জানান তিনি।ভিডিও বার্তায় জামায়াত আমির বলেন, কয়েক দিন ধরে দেশের বিভিন্ন শিল্পাঞ্চলে বেতন বৃদ্ধি ও অন্যান্য দাবিতে পোশাকশ্রমিকেরা আন্দোলন করছেন। এ পরিস্থিতিতে অনেক কারখানা বন্ধ রয়েছে। কোথাও কোথাও ভাঙচুর ও অগ্নিসংযোগের মতো অনাকাঙ্ক্ষিত ঘটনাও ঘটেছে।গাজীপুরের শ্রীপুরে শ্রমিক নিহত হওয়ার ঘটনায় ক্ষোভ প্রকাশ করে ডা. শফিকুর রহমান বলেন, গতকাল শ্রীপুরে গাইবান্ধার সন্তান পোশাকশ্রমিক তৌফিককে হত্যা করা হয়েছে। এ হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানিয়ে তিনি দ্রুত তদন্তের মাধ্যমে জড়িত ব্যক্তিদের আইনের আওতায় আনার দাবি জানান।শ্রমিকদের বেতন পুনর্বিন্যাসের দাবিদেশের অর্থনীতিতে তৈরি পোশাকশিল্পের গুরুত্ব তুলে ধরে জামায়াত আমির বলেন, এ খাতে বড় ধরনের বিপর্যয় দেখা দিলে দেশের সামগ্রিক অর্থনীতি ক্ষতিগ্রস্ত হবে। অথচ দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে স্বল্প বেতনে শ্রমিকদের পক্ষে জীবনধারণ করা কঠিন হয়ে পড়েছে।তিনি বলেন, শ্রমিক ও মালিকপক্ষের সঙ্গে আলোচনা করে দ্রুত বেতন কাঠামো পুনর্বিন্যাস করা প্রয়োজন ছিল। সরকার দ্রুত সংকটের যৌক্তিক সমাধানে পৌঁছাবে বলে তাঁরা আশা করেছিলেন।শিল্প ও শ্রমিকের পারস্পরিক নির্ভরশীলতার কথা উল্লেখ করে তিনি বলেন, শিল্প বাঁচলে দেশ বাঁচবে, আবার শ্রমিক বাঁচলেই শিল্প বাঁচবে। শ্রমিকদের ন্যায্য পাওনা নিশ্চিত করতে সরকারকে কালক্ষেপণ না করে দ্রুত সিদ্ধান্ত নিতে হবে। সিদ্ধান্ত গ্রহণে যত দেরি হবে, ক্ষতির পরিমাণ তত বাড়বে।তৃতীয় পক্ষের অপতৎপরতা ঠেকানোর আহ্বানশ্রমিক অসন্তোষকে কেন্দ্র করে কোনো তৃতীয় পক্ষ বা সুযোগসন্ধানী গোষ্ঠী যেন পরিস্থিতির সুযোগ নিতে না পারে, সে বিষয়ে সরকার ও সংশ্লিষ্ট সব পক্ষকে সতর্ক থাকার আহ্বান জানান জামায়াত আমির।শ্রমিকদের উদ্দেশে তিনি বলেন, তাঁরা শ্রমিকদের ন্যায্য অধিকারের পক্ষে রয়েছেন। তবে নিজেদের কর্মস্থল ও প্রতিষ্ঠান রক্ষায় শ্রমিকদের সচেতন থাকতে হবে। কারণ শিল্পপ্রতিষ্ঠান টিকে থাকলেই শ্রমিকদের কর্মসংস্থান ও জীবিকার সুযোগ বজায় থাকবে।একই সঙ্গে কারখানার মালিকদের প্রতি শ্রমিকদের পরিবারের সদস্য হিসেবে বিবেচনা করে মানবিক দৃষ্টিভঙ্গিতে সিদ্ধান্ত নেওয়ার আহ্বান জানান তিনি।তথ্যসূত্র: বাংলাদেশ জামায়াতে ইসলামীর অফিশিয়াল প্ল্যাটফর্মে প্রচারিত ডা. শফিকুর রহমানের ভিডিও বার্তা।