শ্রমিকদের মজুরি নির্ধারণে এক–দুই মাসের মধ্যে সিদ্ধান্তের আশাগণঅভ্যুত্থানের মুখে দেশ ছেড়ে পালিয়ে যাওয়া ব্যক্তিরা সীমান্তের ওপার থেকে কলকাঠি নেড়ে তৈরি পোশাকশিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছেন বলে অভিযোগ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, শ্রমিকদের দাবির আড়ালে বিভিন্ন কারখানায় ভাঙচুর, শিল্পপ্রতিষ্ঠান ধ্বংস এবং গাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটানো হচ্ছে।বৃহস্পতিবার (৫ নভেম্বর) দুপুরে বাগেরহাটের কাটাখালী মোড়ে আয়োজিত এক পথসভায় বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন।প্রধানমন্ত্রী বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হাতে প্রতিষ্ঠিত তৈরি পোশাকশিল্প সরকার কোনো অবস্থাতেই ধ্বংস হতে দেবে না। এ শিল্পে লাখ লাখ শ্রমিক, বিশেষ করে নারী শ্রমিকের কর্মসংস্থান হয়েছে। শ্রমজীবী মানুষ কখনো নিজেদের কর্মস্থল ও শিল্পপ্রতিষ্ঠানের ক্ষতি করতে পারেন না।শ্রমিকদের মজুরি-সংক্রান্ত দাবির বিষয়ে তারেক রহমান বলেন, শ্রমিকদের কিছু দাবি-দাওয়া সরকার অবগত রয়েছে। এসব দাবি পর্যালোচনা ও বিবেচনার জন্য ইতোমধ্যে মজুরি বোর্ড গঠন করা হয়েছে এবং বোর্ড কাজ শুরু করেছে। আগামী এক থেকে দুই মাসের মধ্যে বোর্ড নতুন নিম্নতম মজুরি নির্ধারণ করবে বলে আশা প্রকাশ করেন তিনি।প্রধানমন্ত্রী অভিযোগ করেন, একটি মহল গত ১৫ থেকে ১৬ বছরেও দেশের মানুষের ভাগ্যের পরিবর্তন করতে পারেনি। বরং মানুষের ভোটাধিকার কেড়ে নেওয়া এবং দেশের সম্পদ লুটপাট করে বিদেশে পাচারের সঙ্গে জড়িত ছিল। গণঅভ্যুত্থানের মুখে দেশ ছেড়ে পালিয়ে যাওয়া ব্যক্তিরা এখন সীমান্তের ওপার থেকে দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা করছেন বলে তিনি দাবি করেন।এ ধরনের অপচেষ্টার বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধভাবে রুখে দাঁড়ানোর আহ্বান জানান প্রধানমন্ত্রী।বাগেরহাট জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির নেতা জাকির হোসেনের সভাপতিত্বে পথসভায় রেলপথমন্ত্রী শেখ রবিউল আলম, নৌপরিবহণ প্রতিমন্ত্রী মো. রাজিব আহসান, পরিবেশ প্রতিমন্ত্রী ড. শেখ ফরিদুল ইসলাম, বিএনপি নেতা সোমনাথ দে, কপিল কৃষ্ণ মণ্ডলসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।