অভ্যন্তরীণ ফ্লাইটে জেট ফুয়েলের দাম লিটারপ্রতি ৬ টাকা ৩২ পয়সা বৃদ্ধি
প্রথম দর্পণ, ডেস্ক||
প্রকাশিত: ৫ নভেম্বর ২০২৬, দুপুর ২:২৩ সময়
আন্তর্জাতিক ফ্লাইটে কমেছে জ্বালানির দামদেশে উড়োজাহাজের জ্বালানি জেট এ-১-এর দাম আবারও বাড়িয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। নতুন নির্ধারিত মূল্য অনুযায়ী, অভ্যন্তরীণ ফ্লাইটে ব্যবহৃত প্রতি লিটার জেট ফুয়েলের দাম ৬ টাকা ৩২ পয়সা বাড়িয়ে ১৮৯ টাকা ৩ পয়সা করা হয়েছে। তবে আন্তর্জাতিক ফ্লাইটের ক্ষেত্রে জ্বালানির দাম কমানো হয়েছে।বৃহস্পতিবার (৫ নভেম্বর) বিইআরসির এক বিজ্ঞপ্তিতে নতুন এ মূল্য ঘোষণা করা হয়। একই দিন রাত ১২টা থেকে নতুন দাম কার্যকর হয়েছে।বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, অভ্যন্তরীণ ফ্লাইটের জন্য শুল্ক ও মূল্য সংযোজন করসহ (মূসক) প্রতি লিটার জেট ফুয়েলের দাম নির্ধারণ করা হয়েছে ১৮৯ টাকা ৩ পয়সা। এর আগে গত অক্টোবরে এ দাম ছিল ১৮২ টাকা ৭১ পয়সা। অর্থাৎ এক মাসের ব্যবধানে প্রতি লিটারে দাম বেড়েছে ৬ টাকা ৩২ পয়সা।বিইআরসি জানিয়েছে, আন্তর্জাতিক বাজারে জেট এ-১ জ্বালানির গড় প্ল্যাটস রেট এবং বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) এলসি স্টেটমেন্টে উল্লেখিত মার্কিন ডলারের বিনিময় হার বিবেচনায় নিয়ে নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে।অন্যদিকে আন্তর্জাতিক ফ্লাইটের জন্য জেট ফুয়েলের দাম কমানো হয়েছে। এ ক্ষেত্রে প্রতি লিটারের দাম ১ দশমিক ১৮৮২ মার্কিন ডলার থেকে কমিয়ে ১ দশমিক ১৬৩৭ ডলার নির্ধারণ করা হয়েছে। এ মূল্য শুল্ক ও মূসকমুক্ত।বিজ্ঞপ্তিতে বলা হয়, বৃহস্পতিবার রাত ১২টা থেকে নতুন নির্ধারিত মূল্য কার্যকর হবে এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তা বহাল থাকবে।