বিভাগীয় ও আঞ্চলিক পর্যায়ে আধুনিক চিকিৎসাসেবা সম্প্রসারণের উদ্যোগসবার জন্য বিনামূল্যে প্রাথমিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সরকার কাজ করছে বলে জানিয়েছেন নারী ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রী অধ্যাপক ডা. এজেডএম জাহিদ হোসেন। তিনি বলেন, সাধারণ মানুষ যাতে বিভাগীয় ও আঞ্চলিক পর্যায়েই মানসম্মত ও আধুনিক চিকিৎসাসেবা পান, সে লক্ষ্যে সরকার বাস্তবমুখী পদক্ষেপ নিচ্ছে। চিকিৎসার জন্য কাউকে যেন রাজধানীমুখী হতে না হয়, সেটিই সরকারের অন্যতম লক্ষ্য।শুক্রবার (৬ নভেম্বর) রাজধানীর শহিদ আবু সাঈদ ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে বাংলাদেশ সোসাইটি অব রেডিওলজি অ্যান্ড ইমেজিংয়ের ৩২তম জাতীয় সম্মেলন ও দ্বিতীয় আউটরিচ প্রোগ্রামে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান এবারের বাজেটে স্বাস্থ্য খাতে ইতিহাসের সর্বোচ্চ বরাদ্দ দিয়েছেন। দেশের স্বাস্থ্যব্যবস্থার সামগ্রিক উন্নয়নে বরাদ্দকৃত অর্থের যথাযথ ব্যবহার নিশ্চিত করতে হবে। সম্পদের সীমাবদ্ধতা থাকলেও আন্তরিকতা, দক্ষতা ও পরিকল্পনার মাধ্যমে বিদ্যমান সম্পদের সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করা গেলে স্বাস্থ্যসেবায় বৈপ্লবিক পরিবর্তন আনা সম্ভব।তিনি আরও বলেন, স্বাস্থ্য খাতের মানোন্নয়নে সরকার প্রয়োজনীয় অর্থ বরাদ্দ ও সার্বিক দিকনির্দেশনা দেবে। তবে চিকিৎসাব্যবস্থায় গুণগত পরিবর্তন এনে জনগণের সেবা নিশ্চিত করার দায়িত্ব সংশ্লিষ্ট সবার। রোগীরা যাতে দেশের হাসপাতালেই জটিল ও আধুনিক রোগের পূর্ণাঙ্গ চিকিৎসা পান এবং চিকিৎসার জন্য বিদেশে যেতে বাধ্য না হন, সে লক্ষ্যে সম্মিলিতভাবে কাজ করতে হবে।নবীন চিকিৎসকদের ভবিষ্যৎ নেতৃত্ব হিসেবে গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করে মন্ত্রী বলেন, তাঁদের দক্ষ ও যোগ্য চিকিৎসক হিসেবে প্রতিষ্ঠিত করতে সুনির্দিষ্ট ক্যারিয়ার পরিকল্পনা প্রণয়ন প্রয়োজন।সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. এফএম সিদ্দিকী, বিএনপির স্বাস্থ্যবিষয়ক সম্পাদক অধ্যাপক ডা. রফিকুল ইসলাম, স্বাস্থ্যসেবা বিভাগের মহাপরিচালক অধ্যাপক ডা. প্রভাত চন্দ্র বিশ্বাস, ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) সভাপতি অধ্যাপক ডা. হারুন আল রশীদ এবং মহাসচিব ডা. মো. জহিরুল ইসলাম (শাকিল)।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ডা. সৈয়দ আওসাফ আলী। শুভেচ্ছা বক্তব্য দেন বাংলাদেশ সোসাইটি অব রেডিওলজি অ্যান্ড ইমেজিংয়ের মহাসচিব অধ্যাপক ডা. মো. নজরুল ইসলাম।সম্মেলনে ভারত, পাকিস্তান, নেদারল্যান্ডস, দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশের প্রতিনিধি, দেশি-বিদেশি বিশেষজ্ঞ চিকিৎসক, শিক্ষক, গবেষক এবং সংশ্লিষ্ট ব্যক্তিরা অংশ নেন।