সিরাজগঞ্জের উল্লাপাড়ায় দশম শ্রেণির এক ছাত্রীকে নিয়ে পালিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে রাজিব হোসেন (৩৮) নামে এক প্রাইভেট শিক্ষকের বিরুদ্ধে। এ ঘটনায় ছাত্রীর মা বাদী হয়ে ওই শিক্ষক ও তাঁর মায়ের বিরুদ্ধে অপহরণের অভিযোগে মামলা করেছেন। অভিযোগ রয়েছে, এর আগেও একই কায়দায় দুই প্রাইভেট ছাত্রীকে নিয়ে পালিয়ে গিয়ে তাঁদের বিয়ে করেছিলেন রাজিব। তবে পরবর্তী সময়ে ওই দুই সংসারই ভেঙে যায়।বৃহস্পতিবার (৫ নভেম্বর) রাতে উল্লাপাড়া মডেল থানায় মামলাটি করেন নিখোঁজ ছাত্রীর মা মমতা খাতুন। অভিযুক্ত রাজিব হোসেন উপজেলার বালসাবাড়ী কাঠালতলা গ্রামের আল মাহমুদের ছেলে। তিনি স্থানীয় ‘অধ্যায়ন একাডেমি’ নামের একটি কোচিং সেন্টারের পরিচালক। নিখোঁজ ছাত্রী বালসাবাড়ী হাজী আমিনুল ইসলাম উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী।পরীক্ষা দিতে গিয়ে নিখোঁজমামলার এজাহার সূত্রে জানা যায়, গত বুধবার (৪ নভেম্বর) বিদ্যালয়ের নির্বাচনি পরীক্ষায় অংশ নিতে বাড়ি থেকে বের হয় ওই ছাত্রী। পরীক্ষা শেষে সে আর বাড়িতে ফেরেনি। পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করে জানতে পারেন, তার প্রাইভেট শিক্ষক রাজিব হোসেন তাকে ভুলিয়ে-ভালিয়ে নিয়ে গেছেন বলে অভিযোগ রয়েছে। এরপর থেকে ওই ছাত্রী ও রাজিবের কোনো সন্ধান পাওয়া যায়নি।এ ঘটনায় ছাত্রীর মা রাজিব হোসেন ও তাঁর মা রোজি খাতুনকে আসামি করে অপহরণের অভিযোগে মামলা করেন।আগেও দুই ছাত্রীকে নিয়ে পালানোর অভিযোগমামলার এজাহারে আরও উল্লেখ করা হয়েছে, রাজিব হোসেন এর আগেও কয়েক মাসের ব্যবধানে তাঁর দুই প্রাইভেট ছাত্রীকে একইভাবে নিয়ে পালিয়ে গিয়েছিলেন। পরে তাঁদের বিয়ে করলেও শেষ পর্যন্ত দুজনকেই তালাক দেন তিনি। বর্তমানে রাজিবের সংসারে আরেকজন স্ত্রী রয়েছেন বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।বালসাবাড়ী হাজী আমিনুল ইসলাম উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক সাইদুর রহমান বলেন, কোচিং সেন্টারের আড়ালে কোমলমতি ছাত্রীদের প্রেমের ফাঁদে ফেলে এ ধরনের ঘটনা ঘটানোর অভিযোগ রয়েছে রাজিবের বিরুদ্ধে। এতে শিক্ষকসমাজ বিব্রত হচ্ছে। ঘটনার সুষ্ঠু তদন্ত করে অভিযুক্ত শিক্ষকের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন তিনি।তদন্তে পুলিশ, খোঁজ চলছেঅভিযুক্ত রাজিব হোসেনের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও সেটি বন্ধ পাওয়া যায়। ফলে তাঁর বক্তব্য পাওয়া সম্ভব হয়নি।উল্লাপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ছাত্রীর মা রাজিব হোসেন ও তাঁর মা রোজি খাতুনের বিরুদ্ধে অপহরণ মামলা করেছেন। পুলিশ ইতোমধ্যে ঘটনার তদন্ত শুরু করেছে। অভিযুক্ত রাজিব ও নিখোঁজ ছাত্রীর সন্ধানে কাজ চলছে।