আন্তর্জাতিক ফুটবলে ক্রিশ্চিয়ানো রোনালদোর বিদায়ের মধ্য দিয়ে পর্তুগাল জাতীয় দল শুধু একজন কিংবদন্তি খেলোয়াড়কেই হারাচ্ছে না, হারাচ্ছে তাদের সবচেয়ে প্রভাবশালী বাণিজ্যিক মুখকেও। বিশেষ করে জার্সি বিক্রি ও আন্তর্জাতিক বাজারে দলের চাহিদা ধরে রাখা নিয়ে নতুন চ্যালেঞ্জের মুখে পড়তে পারে পর্তুগিজ ফুটবল ফেডারেশন।রোনালদোর অবসরের সম্ভাব্য বাণিজ্যিক প্রভাব নিয়ে এমন বিশ্লেষণ করেছেন ক্রীড়াবাজার বিশেষজ্ঞ ড্যানিয়েল সা। তিনি পোর্তোর পর্তুগিজ ইনস্টিটিউট অব মার্কেটিং অ্যাডমিনিস্ট্রেশনের পরিচালক। স্প্যানিশ সংবাদ সংস্থা ইএফইকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ফেডারেশন তাদের মূল পণ্য হারাচ্ছে না; বরং সেই পণ্যের সঙ্গে যুক্ত সবচেয়ে বড় ব্যক্তিগত সম্পদটি হারাচ্ছে।ড্যানিয়েল সা বলেন, জাতীয় দলের আন্তর্জাতিক প্রচারে ক্রিশ্চিয়ানো রোনালদো ব্র্যান্ডের গুরুত্ব অসাধারণ। স্বল্প মেয়াদে অন্য কোনো পর্তুগিজ খেলোয়াড়ের পক্ষে তাঁর জায়গা নেওয়া কঠিন। রোনালদোর বিদায়ে পর্তুগাল একজন অসাধারণ ফুটবলারের পাশাপাশি বাণিজ্যিক ব্র্যান্ডের অন্যতম প্রধান আন্তর্জাতিক প্রচারককেও হারাচ্ছে।সিআর৭ ব্র্যান্ডের মূল্য ৮৫ কোটি ইউরোরোনালদোর বাণিজ্যিক প্রভাবের পরিসংখ্যানও বেশ তাৎপর্যপূর্ণ। ড্যানিয়েল সার প্রতিষ্ঠানের ২০২৫ সালের এক সমীক্ষা অনুযায়ী, রোনালদোর ‘সিআর৭’ ব্র্যান্ডের বাজারমূল্য দাঁড়িয়েছে ৮৫ কোটি ইউরো। ২০২০ সালের তুলনায় এই মূল্য বেড়েছে ৩২৫ শতাংশ।সমীক্ষায় ক্রীড়া জনপ্রিয়তার সূচকে রোনালদোর অবস্থান ১০০-এর মধ্যে ৮৮। সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁর অনুসারীর সংখ্যা এক বিলিয়নের বেশি। ফলে তিনি কেবল একজন ফুটবলার নন, নিজেই একটি বৈশ্বিক যোগাযোগ ও বিপণনমাধ্যমে পরিণত হয়েছেন।তবে রোনালদোর বিদায়ের প্রভাব তাৎক্ষণিকভাবে পর্তুগিজ ফুটবল ফেডারেশনের রাজস্বে বড় ধরনের ধস নামাবে বলে মনে করেন না ড্যানিয়েল সা। তাঁর মতে, জাতীয় দল ও ফেডারেশনের স্বত্বকে কেন্দ্র করেই অধিকাংশ স্পনসরশিপ চুক্তি সম্পাদিত হয়; কোনো নির্দিষ্ট খেলোয়াড়কে কেন্দ্র করে নয়। এ কারণে বিদ্যমান চুক্তিগুলোর কাঠামোতে বড় ধরনের পরিবর্তনের আশঙ্কা কম।এ ছাড়া আন্তর্জাতিক বড় টুর্নামেন্টে পর্তুগালের নিয়মিত অংশগ্রহণ এবং দলের অন্য তারকা খেলোয়াড়দের উপস্থিতি বাণিজ্যিক আকর্ষণ ধরে রাখতে সহায়তা করবে।সা মনে করেন, রোনালদোর অবসরের প্রভাব পড়বে মূলত দুটি ক্ষেত্রে—পণ্য বিক্রি এবং আন্তর্জাতিক বাজারে চাহিদা। বিশেষ করে রোনালদোর সাত নম্বর জার্সি বিশ্বজুড়ে পরিচিত একটি বাণিজ্যিক পণ্যে পরিণত হয়েছে। তাঁর অনুপস্থিতিতে সেই জায়গা পূরণ করা সহজ হবে না।দেশের চেয়ে বিদেশের বাজারে প্রভাব বেশিপর্তুগালের অভ্যন্তরীণ বাজারে টিকিট বিক্রিতে রোনালদোর অবসরের প্রভাব তুলনামূলক কম হতে পারে। কারণ জাতীয় দলের প্রতি দেশটির সমর্থকদের আবেগ ও সমর্থন কোনো একজন খেলোয়াড়ের ওপর নির্ভরশীল নয়।তবে বিদেশের বাজারে পরিস্থিতি ভিন্ন। সেখানে রোনালদোর উপস্থিতি একাই পর্তুগাল জাতীয় দলের প্রতি দর্শক ও বাণিজ্যিক প্রতিষ্ঠানের আগ্রহ বাড়িয়ে দিত। ফলে তাঁর বিদায়ে আন্তর্জাতিক বিপণন ও বাণিজ্যিক চাহিদায় কিছুটা প্রভাব পড়তে পারে।ড্যানিয়েল সার মতে, এই প্রভাবের মাত্রা এখনই নিশ্চিত করে বলা সম্ভব নয়। ফেডারেশনের রাজস্বে বড় ধরনের পতন ঘটবে—এমন সিদ্ধান্তে পৌঁছাতে হলে আরও তথ্য-উপাত্ত ও সময়ের প্রয়োজন।