অধ্যক্ষের পদত্যাগের দাবিতে উত্তাল গার্হস্থ্য অর্থনীতি কলেজ, উদ্ধারে পুলিশের লাঠিচার্জের অভিযোগ
প্রথম দর্পণ, ডেস্ক||
প্রকাশিত: ৬ নভেম্বর ২০২৬, সকাল ৯:২১ সময়
রাজধানীর গভর্নমেন্ট কলেজ অব অ্যাপ্লাইড হিউম্যান সায়েন্সে (সাবেক হোম ইকোনমিকস কলেজ) অধ্যক্ষ অধ্যাপক মেহেরুন্নেছার পদত্যাগের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলনকে কেন্দ্র করে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে। বৃহস্পতিবার সকাল থেকে প্রায় ১৩ ঘণ্টা কার্যালয়ে অবরুদ্ধ থাকার পর রাত সাড়ে ১১টার দিকে পুলিশ অধ্যক্ষকে উদ্ধার করে। এ সময় আন্দোলনরত ছাত্রীদের ওপর পুলিশের লাঠিচার্জের অভিযোগ উঠেছে। এতে দুই শিক্ষার্থী আহত হয়েছেন বলে দাবি করেছেন আন্দোলনকারীরা।অধ্যক্ষকে উদ্ধারের পরও পরিস্থিতি শান্ত হয়নি। রাতেই কলেজের সামনের সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন শিক্ষার্থীরা। রাত ১২টার পরও শতাধিক ছাত্রীকে সড়কে অবস্থান করতে দেখা যায়। এ সময় তারা অধ্যক্ষের পদত্যাগের দাবিতে বিভিন্ন স্লোগান দেন।আন্দোলনরত শিক্ষার্থীদের অভিযোগ, অধ্যক্ষকে উদ্ধার করতে গিয়ে পুলিশ তাদের ওপর লাঠিচার্জ করে। এতে দুই ছাত্রী আহত হন। তারা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। এ ছাড়া পুলিশের ধরপাকড়ের সময় ঘটনার ভিডিও ধারণ করতে গেলে এক শিক্ষার্থীর মুঠোফোন নিয়ে যাওয়া হয়েছে বলেও অভিযোগ করেন আন্দোলনকারীরা।চার দফা দাবি শিক্ষার্থীদেররাত সোয়া ১২টার দিকে সংবাদ সম্মেলন করে চার দফা দাবি তুলে ধরেন আন্দোলনরত শিক্ষার্থীরা। দাবিগুলোর মধ্যে রয়েছে—শুক্রবার ক্যাম্পাসে কোনো সরকারি পরীক্ষা নেওয়া যাবে না; ক্যাম্পাসের ভেতরে শিক্ষার্থীদের ওপর লাঠিচার্জে জড়িত পুলিশ সদস্যদের শোকজ করতে হবে; অধ্যক্ষের পদত্যাগের লিখিত ঘোষণা না দেওয়া পর্যন্ত ক্যাম্পাসের সব কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখতে হবে এবং হামলাকে বৈধতা দেওয়া শিক্ষক-কর্মচারীদের অবাঞ্ছিত ঘোষণা করতে হবে।পুলিশের লালবাগ বিভাগের উপপুলিশ কমিশনার (ডিসি) মোস্তাক সরকার গণমাধ্যমকে বলেন, অধ্যক্ষ বর্তমানে নিরাপদে আছেন। কলেজের সামনে বেশ কিছু শিক্ষার্থী অবস্থান নিয়েছে। তাদের কলেজ ক্যাম্পাসে চলে যেতে বলা হয়েছে।যেসব অভিযোগে আন্দোলনএর আগে বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টা থেকে অধ্যক্ষের পদত্যাগের দাবিতে আন্দোলন শুরু করেন কলেজটির শিক্ষার্থীরা। একপর্যায়ে তারা অধ্যক্ষকে তাঁর কার্যালয়ে অবরুদ্ধ করে রাখেন।আন্দোলনরত শিক্ষার্থী তাবাসসুমের অভিযোগ, কোনো যৌক্তিক কারণ ছাড়াই ২০২০-২১ শিক্ষাবর্ষের দুই শিক্ষার্থীর আবাসিক আসন বাতিল করেন হলের প্রাধ্যক্ষ অধ্যাপক মেহেরুন্নেছা। এ বিষয়ে জানতে চাইলে তিনি সন্তোষজনক কোনো ব্যাখ্যা দেননি।তাবাসসুম আরও অভিযোগ করেন, আসন বাতিল হওয়া দুই শিক্ষার্থীর কাছে ১২ হাজার ৬০০ টাকা দাবি করা হয়। টাকার পরিমাণ কমানোর অনুরোধ জানিয়ে তাঁদের একজন অধ্যক্ষের পা পর্যন্ত ধরেন। এরপরও তিনি শিক্ষার্থীদের সঙ্গে দুর্ব্যবহার করেন।এ ছাড়া হলে প্রবেশে সামান্য দেরি হলেও শিক্ষার্থীদের জরিমানা করা এবং বিভিন্ন সময়ে হয়রানির অভিযোগ তুলে ধরেন আন্দোলনকারীরা। এসব ঘটনার প্রতিবাদেই তারা আন্দোলনে নেমেছেন বলে জানান তাবাসসুম। অধ্যক্ষ পদত্যাগ না করা পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন শিক্ষার্থীরা।