জুলাই আন্দোলনে হামলার ঘটনায় নিষিদ্ধ ছাত্রলীগ নেত্রী উর্মিকে ফের গ্রেফতার দেখানোর আদেশ
প্রথম দর্পণ, ডেস্ক||
প্রকাশিত: ৬ নভেম্বর ২০২৬, সকাল ৯:২৫ সময়
রাজধানীর ধানমন্ডিতে ২০২৪ সালের জুলাই আন্দোলনের সময় আন্দোলনকারীদের ওপর হামলা ও এক যুবককে গুলি করে গুরুতর আহত করার ঘটনায় করা হত্যাচেষ্টা মামলায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেত্রী খাদিজা আক্তার উর্মিকে নতুন করে গ্রেফতার দেখানোর আদেশ দিয়েছেন আদালত।বৃহস্পতিবার (৫ নভেম্বর) বিকেলে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আমিনুল ইসলাম জুনায়েদ তদন্ত কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন আসামিপক্ষের আইনজীবী সাদিয়া আক্তার সেতু।খাদিজা আক্তার উর্মি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শামসুন্নাহার হল শাখা ছাত্রলীগের সভাপতি এবং সংগঠনটির কেন্দ্রীয় কমিটির সহসভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি বর্তমানে অন্য একটি মামলায় কারাগারে রয়েছেন।মামলার অভিযোগ অনুযায়ী, ২০২৪ সালের ১৯ জুলাই বিকেলে রাজধানীর ধানমন্ডি ৩ নম্বর সড়কে ল্যাবএইড হাসপাতালের বিপরীতে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলন চলছিল। এ সময় আন্দোলনকারীদের লক্ষ্য করে আগ্নেয়াস্ত্র, ককটেল ও দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালানো হয়। এতে মো. সজিব ইসলাম (৩২) নামে এক যুবক পিঠ ও কোমরে গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হন।এ ঘটনায় ধানমন্ডি মডেল থানায় হত্যাচেষ্টা মামলা করা হয়। দণ্ডবিধি ও বিস্ফোরক দ্রব্য আইনের একাধিক ধারায় মামলাটি নথিভুক্ত রয়েছে।মামলার তদন্ত কর্মকর্তা ধানমন্ডি মডেল থানার উপপরিদর্শক (এসআই) মো. তারিকুল ইসলাম আদালতে দেওয়া আবেদনে উল্লেখ করেন, তদন্তে পাওয়া তথ্য ও সাক্ষ্যপ্রমাণে আন্দোলনকারীদের ওপর হামলার ঘটনায় খাদিজা আক্তার উর্মির প্রত্যক্ষ সম্পৃক্ততার প্রমাণ পাওয়া গেছে। অন্য মামলায় কারাগারে থাকায় তাকে এ মামলায়ও গ্রেফতার দেখানোর প্রয়োজন রয়েছে বলে আবেদনে উল্লেখ করা হয়।তদন্ত কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত তাকে ধানমন্ডি মডেল থানার এ মামলায় গ্রেফতার দেখানোর আদেশ দেন।