টেস্টে বাংলাদেশি পেসারদের মধ্যে সর্বোচ্চ ফাইফারের রেকর্ড হাসানের
প্রথম দর্পণ, স্পোর্টস ডেক্স||
প্রকাশিত: ৬ নভেম্বর ২০২৬, সকাল ৯:৩২ সময়
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিলেট টেস্টে ৬ উইকেট নিয়ে নতুন ইতিহাস গড়েছেন বাংলাদেশের পেসার হাসান মাহমুদ। টেস্ট ক্যারিয়ারে মাত্র ১৯ ম্যাচ খেলেই বাংলাদেশি পেসারদের মধ্যে সবচেয়ে বেশিবার ইনিংসে পাঁচ বা তার বেশি উইকেট নেওয়ার রেকর্ড নিজের করে নিয়েছেন তিনি। একই সঙ্গে এক ইনিংসে দ্বিতীয়বারের মতো ছয় উইকেট নেওয়ার কীর্তিও গড়েছেন এই ডানহাতি পেসার।শুক্রবার (৬ নভেম্বর) সিলেট টেস্টের দ্বিতীয় দিনের সকালে দুর্দান্ত বোলিংয়ে ওয়েস্ট ইন্ডিজের ব্যাটিং লাইনআপে ধস নামান হাসান। দিনের শুরুতে আমির জাঙ্গুকে বোল্ড করেন তিনি। পরের বলেই রস্টন চেজকে উইকেটের পেছনে ক্যাচ দিতে বাধ্য করেন। হ্যাটট্রিকের সুযোগ তৈরি হলেও ডিআরএসের কারণে জশুয়া বিশপকে তখন আউট করা সম্ভব হয়নি।পরে সেই বিশপকেই লিটন দাসের সহায়তায় ফিরিয়ে দিয়ে ইনিংসে পাঁচ উইকেট পূর্ণ করেন হাসান। এর মধ্য দিয়ে বাংলাদেশের হয়ে টেস্টে পেসারদের মধ্যে সর্বোচ্চবার পাঁচ উইকেট নেওয়ার রেকর্ড গড়েন তিনি।এর আগে এই রেকর্ডের মালিক ছিলেন শাহাদাত হোসেন। ৩৮ টেস্টে চারবার ইনিংসে পাঁচ বা তার বেশি উইকেট নিয়েছিলেন তিনি। অন্যদিকে হাসান মাত্র ১৯ টেস্টেই ছাড়িয়ে গেলেন তাকে।পাঁচ উইকেটের কীর্তি গড়ার পরও থামেননি হাসান। শামার জোসেফকে বোল্ড করে ইনিংসে নিজের ষষ্ঠ উইকেট তুলে নেন। এর মধ্য দিয়ে টেস্ট ক্যারিয়ারে দ্বিতীয়বারের মতো এক ইনিংসে ছয় উইকেট নেওয়ার কৃতিত্ব অর্জন করেন তিনি।এর আগে অস্ট্রেলিয়ার বিপক্ষে ৫৫ রানে ছয় উইকেট নিয়েছিলেন হাসান। এবার ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষেও ছয় উইকেট নিয়ে নিজের সেই কীর্তির পুনরাবৃত্তি করলেন।বাংলাদেশের হয়ে টেস্টে এক ইনিংসে ছয় বা তার বেশি উইকেট নেওয়ার কৃতিত্ব রয়েছে আরও ছয় পেসারের। তারা হলেন—শাহাদাত হোসেন, এবাদত হোসেন, তাসকিন আহমেদ, রবিউল ইসলাম, শরিফুল ইসলাম ও মঞ্জুরুল ইসলাম। তবে তাদের কেউই একাধিকবার এই কৃতিত্ব অর্জন করতে পারেননি। সেই জায়গায় দ্বিতীয়বার ছয় উইকেট নিয়ে সতীর্থদের ছাড়িয়ে অনন্য উচ্চতায় পৌঁছেছেন হাসান মাহমুদ।মাত্র ১৯ টেস্টে এমন ধারাবাহিক সাফল্য বাংলাদেশের পেস আক্রমণে হাসানের গুরুত্ব আরও বাড়িয়ে দিয়েছে। তার দুর্দান্ত বোলিংয়েই সিলেট টেস্টে বাংলাদেশের জয়ের সম্ভাবনা টিকে রয়েছে।