মহাসড়কে অর্ধশতাধিক নেতাকর্মীর অংশগ্রহণ, শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তনের স্লোগানব্রাহ্মণবাড়িয়ায় কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত বাংলাদেশ আওয়ামী যুবলীগের নেতাকর্মীরা ঝটিকা মিছিল করেছেন। শুক্রবার (৬ নভেম্বর) সকাল ৭টার দিকে সদর উপজেলার মালিহাতা এলাকায় কুমিল্লা-সিলেট মহাসড়কে এ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলে জেলা যুবলীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সিরাজুল ইসলাম ফেরদৌসের নেতৃত্বে অর্ধশতাধিক নেতাকর্মী অংশ নেন।স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার সকালে জেলা যুবলীগের ব্যানারে নেতাকর্মীরা মহাসড়কে মিছিল বের করেন। মিছিলে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ এবং ‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’সহ বিভিন্ন স্লোগান দেওয়া হয়। একই সঙ্গে ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের সভাপতি র.আ.ম. উবায়দুল মোকতাদির চৌধুরীসহ কারাবন্দি নেতাকর্মীদের মুক্তির দাবিও জানানো হয়।সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, মিছিলে অংশগ্রহণকারীরা যুবলীগের ব্যানার নিয়ে মহাসড়ক প্রদক্ষিণ করছেন। সকাল সাড়ে ১০টার দিকে ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের উপদপ্তর সম্পাদক সুজন দত্ত তাঁর ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে মিছিলের একটি ভিডিও প্রকাশ করেন। পরে ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।মিছিলের ব্যানারে সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ডিসেম্বরে স্বদেশ প্রত্যাবর্তনকে স্বাগত জানানোর কথা উল্লেখ করা হয়। পাশাপাশি যুবলীগের কেন্দ্রীয় সভাপতি শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিলের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহারের দাবিও জানানো হয়।মিছিলে উপস্থিত ছিলেন সদর উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক জসিম উদ্দিন রানা, জেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মমিন হোসেন, সরাইল উপজেলা যুবলীগ নেতা শেখ মো. মুন্না, সদর যুবলীগ নেতা রেজাউল হক এবং জেলা ছাত্রলীগের সহসভাপতি কাজী আশিকুর রহমানসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।নিষিদ্ধ ঘোষিত সংগঠনের নেতাকর্মীদের এভাবে প্রকাশ্যে মহাসড়কে মিছিল এবং এর ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার ঘটনায় স্থানীয় এলাকায় আলোচনা ও মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে।