বাবুনগর মাদ্রাসার দ্বীনি মহাসম্মেলনে সালাহউদ্দিন আহমদযারা দীর্ঘ ১৬ বছর আলেম-ওলামাদের রক্ত ঝরিয়েছে, মসজিদকে রক্তাক্ত করেছে এবং গণহত্যা চালিয়েছে, দেশের মানুষ তাদের আর কখনো রাজনীতি করার সুযোগ দেবে না বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।শুক্রবার (৬ নভেম্বর) চট্টগ্রামের ফটিকছড়িতে ঐতিহ্যবাহী আল-জামিয়াতুল ইসলামিয়া আজিজুল উলুম বাবুনগর মাদ্রাসার ১০৪তম বার্ষিক দ্বীনি মহাসম্মেলনে বক্তব্য দিতে গিয়ে তিনি এ মন্তব্য করেন। জুমার নামাজের আগে দেওয়া বক্তব্যে তিনি দেশের রাজনৈতিক পরিস্থিতি, জুলাই গণঅভ্যুত্থান, সংবিধান এবং গণতান্ত্রিক ভবিষ্যৎ নিয়ে কথা বলেন।দুই দিনব্যাপী এ দ্বীনি মহাসম্মেলনের দ্বিতীয় দিনে সভাপতিত্ব করেন হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরী।গুম-নির্যাতনের শিকার হয়েছেন প্রায় তিন হাজার মানুষস্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ইসলামবিদ্বেষী শক্তির হাত থেকে দেশ মুক্ত হয়েছে। বিগত ১৬ থেকে ১৭ বছরে প্রায় তিন হাজার মানুষ গুম ও নির্যাতনের শিকার হয়েছেন। তিনি নিজেও নির্যাতনের শিকার ব্যক্তিদের একজন উল্লেখ করে বলেন, এ সময়ে দেশের মানুষ বিভিন্নভাবে অত্যাচার ও নিপীড়নের শিকার হয়েছে। হারানো সম্মান ও মর্যাদা পুনরুদ্ধার করতে চান তারা।তিনি বলেন, ধর্মের নাম ব্যবহার করে যারা রাজনীতি করছে, তাদের কর্মকাণ্ডের সঙ্গে ইসলামের কোনো সম্পর্ক নেই। এসব কর্মকাণ্ডের মাধ্যমে তারা দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করছে। ইসলামের মূলনীতি অনুসরণ করে রাষ্ট্র পরিচালনা ও রাজনীতি প্রতিষ্ঠার ওপর গুরুত্বারোপ করেন তিনি।ঐক্যবদ্ধ বাংলাদেশ গড়ার প্রত্যয়সালাহউদ্দিন আহমদ বলেন, দেশের সব জনগোষ্ঠীকে সঙ্গে নিয়ে একটি ঐক্যবদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে চায় সরকার। এ ক্ষেত্রে সবার দায়িত্ব রয়েছে। দেশের মানুষের মুক্তি ও গণতান্ত্রিক আকাঙ্ক্ষাকে কোনোভাবেই ম্লান হতে দেওয়া হবে না।জুলাই গণঅভ্যুত্থান ও জুলাই সনদ প্রসঙ্গে তিনি বলেন, নির্বাচনের মধ্য দিয়ে প্রণীত জুলাই সনদ বাস্তবায়নে তাদের প্রতিশ্রুতি রয়েছে। পাশাপাশি সংবিধানে ইসলামী মূল্যবোধের প্রতিফলন ঘটানো হবে। সংবিধানের প্রস্তাবনা ও রাষ্ট্র পরিচালনার মূলনীতিতে মহান আল্লাহর ওপর দৃঢ় আস্থা ও বিশ্বাসের বিষয়টি পুনঃস্থাপনের কথাও জানান তিনি।তিনি আরও বলেন, শেখ হাসিনার শাসনামলের রাষ্ট্র পরিচালনার নীতি থেকে দেশকে বের করে মহান মুক্তিযুদ্ধের চেতনা এবং রাষ্ট্রের পূর্ববর্তী নীতিগুলোর পুনঃপ্রতিষ্ঠা করতে চান তারা।আওয়ামী লীগের রাজনীতিতে ফেরার সুযোগ নেইআওয়ামী লীগের রাজনীতিতে ফিরে আসার প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, যারা গণতন্ত্রের বিরুদ্ধে অবস্থান নিয়েছে এবং গণঅভ্যুত্থানের মুখে দেশ ছেড়ে পালিয়ে গেছে, তাদের এ দেশে আর রাজনীতি করতে দেওয়া হবে না।তিনি বলেন, নির্বাচনে রাজনৈতিক দলগুলোর অংশগ্রহণ থাকতে হবে। প্রত্যেক দলের নিজস্ব আদর্শ ও রাজনৈতিক দর্শন থাকতে পারে। তবে যারা দেশের মানুষকে হত্যা করেছে, গণহত্যা চালিয়েছে, দীর্ঘ ১৬ বছর আলেম-ওলামাদের রক্ত ঝরিয়েছে এবং মসজিদকে রক্তাক্ত করেছে, তাদের রাজনীতিতে ফেরার বিষয়ে দেশের মানুষ কখনো সম্মতি দেবে না।বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার প্রসঙ্গ টেনে সালাহউদ্দিন আহমদ বলেন, অন্যায়, অবিচার, দুঃশাসন ও দুর্নীতির কারণে দেশের মানুষ দীর্ঘদিন দুর্ভোগ পোহিয়েছে। এমনকি খালেদা জিয়ার মতো একজন মানুষকেও বিনা চিকিৎসায় মৃত্যুবরণ করতে হয়েছে বলে মন্তব্য করেন তিনি।