মাদকবিরোধী অবস্থান নেওয়ায় পুলিশ কনস্টেবলকে পিটিয়ে পায়ের রগ কাটার অভিযোগ
প্রথম দর্পণ, ডেস্ক||
প্রকাশিত: ৬ নভেম্বর ২০২৬, দুপুর ৩:৫২ সময়
নারায়ণগঞ্জের রূপগঞ্জে মাদক কারবারের বিরুদ্ধে প্রতিবাদ করায় আবুল কালাম নামে এক পুলিশ কনস্টেবলকে পিটিয়ে হাত-পা ভেঙে দেওয়ার পাশাপাশি পায়ের রগ কেটে দেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় মাদক কারবারিদের বিরুদ্ধে। বৃহস্পতিবার (৫ নভেম্বর) রাত ১১টার দিকে উপজেলার তারাবো পৌরসভার উত্তর মাসাবো এলাকায় এ হামলার ঘটনা ঘটে।স্থানীয় বাসিন্দা ও স্বজনদের বরাত দিয়ে জানা যায়, পুলিশ কনস্টেবল আবুল কালাম দীর্ঘদিন ধরে মাসাবো এলাকায় মাদক কারবারের বিরুদ্ধে সোচ্চার ছিলেন। সম্প্রতি তিনি শাহাদাত ও এমদাদুল নামে স্থানীয় দুই মাদক কারবারিকে পুলিশে ধরিয়ে দেন। এরপর থেকে শাহাদাতের ছোট ভাই শাহজালাল তাকে বিভিন্নভাবে হুমকি দিয়ে আসছিলেন বলে অভিযোগ রয়েছে।স্বজনদের দাবি, ঘটনার রাতে শাহজালাল ফোন করে আবুল কালামকে বাসা থেকে ডেকে নেন। পরে তাকে উত্তর মাসাবো এলাকার একটি নির্জন বিলে নিয়ে যাওয়া হয়। সেখানে আগে থেকেই ওত পেতে থাকা শাহজালালসহ ১০ থেকে ১৫ জনের একটি দল তার ওপর অতর্কিত হামলা চালায়।হামলাকারীরা তাকে বেধড়ক মারধর করে হাত-পা ভেঙে দেয়। একপর্যায়ে ধারালো অস্ত্র দিয়ে তার পায়ের রগ কেটে দেওয়া হয় বলে অভিযোগ করেন স্বজনরা।আবুল কালামের চিৎকার শুনে আশপাশের লোকজন এগিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যান। অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকার জাতীয় অর্থোপেডিক হাসপাতালে ভর্তি করা হয়।এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে।রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএইচএম সালাউদ্দিন জানান, লিখিত অভিযোগ পেলে হামলাকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।