যৌথবাহিনীর অভিযানে সেনাসদস্য নিহতের এক দিন পর নতুন উদ্বেগকক্সবাজার প্রতিনিধি: কক্সবাজারের টেকনাফের দুর্গম পাহাড়ে নতুন করে তিনজনের লাশ পড়ে থাকার খবর পাওয়া গেছে। শুক্রবার হ্নীলা ইউনিয়নের নয়াপাড়া ও লেদা রোহিঙ্গা ক্যাম্পসংলগ্ন পাহাড়ে এসব লাশ থাকার তথ্য পেয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। তবে দুর্গম এলাকায় এখনো লাশ উদ্ধার করা সম্ভব হয়নি। ফলে সেখানে সত্যিই লাশ রয়েছে কি না, তা নিশ্চিত করতে পারেনি পুলিশ।এর আগে বৃহস্পতিবার একই উপজেলার রঙ্গীখালীর দুর্গম পাহাড়ে সশস্ত্র মানবপাচারকারীদের আস্তানায় যৌথবাহিনীর অভিযানে গুলিবিদ্ধ হয়ে সেনাবাহিনীর সৈনিক মো. তিতাস শেখ (২৭) নিহত হন। ওই অভিযানে বন্দিদশা থেকে ৫৬ জনকে উদ্ধার এবং মানবপাচারকারী চক্রের ছয় সদস্যকে আটক করা হয়।শুক্রবার বিকেলে পাহাড়ে তিনটি লাশ পড়ে থাকার খবরের বিষয়ে কক্সবাজারের পুলিশ সুপার এএনএম সাজেদুর রহমান বলেন, পাহাড়ে তিনটি লাশ পড়ে থাকার খবর পাওয়া গেছে। তবে উদ্ধার না করা পর্যন্ত সেগুলো লাশ কি না, তা নিশ্চিত করে বলা যাচ্ছে না। তিনি আরও বলেন, মানবপাচার যত দিন চলবে, তত দিন অভিযানও অব্যাহত থাকবে।টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলামও পাহাড়ে তিনটি লাশ পড়ে থাকার খবর পাওয়ার কথা জানিয়েছেন। তিনি বলেন, লাশ উদ্ধার না হওয়া পর্যন্ত এ বিষয়ে নিশ্চিত করে কিছু বলা সম্ভব নয়।উদ্ধার ৫৬ জন, আটক ছয়যৌথবাহিনী সূত্রে জানা যায়, বৃহস্পতিবার বিকেলে টেকনাফের হ্নীলা ইউনিয়নের রঙ্গীখালীর দুর্গম পাহাড়ে সশস্ত্র মানবপাচারকারীদের আস্তানায় অভিযান চালানো হয়। এ সময় অপরাধীদের গুলিতে সেনাবাহিনীর সৈনিক মো. তিতাস শেখ নিহত হন। একই অভিযানে পাহাড়ে আটকে রাখা ৫৬ জনকে উদ্ধার করা হয়। আটক করা হয় মানবপাচারকারী চক্রের ছয় সদস্যকে। উদ্ধার হওয়া ব্যক্তিদের শুক্রবার সকালে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।এদিকে সশস্ত্র অপরাধীদের আস্তানা নির্মূলে পাহাড়জুড়ে যৌথবাহিনীর অভিযান অব্যাহত রয়েছে। নতুন করে তিনজনের লাশ পড়ে থাকার খবর ছড়িয়ে পড়ায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে উদ্বেগ ও আতঙ্ক বেড়েছে।স্থানীয়দের অভিযোগ, টেকনাফের বিভিন্ন পাহাড়ে সশস্ত্র অপরাধী ও মানবপাচারকারী চক্রের একাধিক আস্তানা গড়ে উঠেছে। এসব আস্তানা নির্মূলে বিচ্ছিন্ন অভিযান নয়, বরং পুরো পাহাড়জুড়ে সমন্বিত সাঁড়াশি অভিযান প্রয়োজন।টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এসএম অনীক চৌধুরী বলেন, পাহাড়ে অবস্থানরত সশস্ত্র মানবপাচারকারীদের গ্রেপ্তারে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কাজ করছে। অপরাধ করে কেউ পার পাওয়ার সুযোগ নেই।সেনাসদস্য নিহতের ঘটনায় গভীর শোক প্রকাশ করে তিনি বলেন, এ ধরনের অপরাধ নির্মূলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি স্থানীয় জনগণের সম্মিলিত সহযোগিতা প্রয়োজন।