খুলনায় রবীন্দ্রনাথের গ্রাফিতি বিকৃত, মুখে কালো কালি
প্রথম দর্পণ, ডেস্ক||
প্রকাশিত: ৬ নভেম্বর ২০২৬, দুপুর ৪:১৭ সময়
খুলনা নগরীর শিববাড়ী মোড় সংলগ্ন রেলস্টেশনের দেয়ালে আঁকা বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের গ্রাফিতির মুখমণ্ডল কালো কালি দিয়ে ঢেকে দিয়েছে দুর্বৃত্তরা। একই দেয়ালে রবীন্দ্রনাথবিরোধী কয়েকটি পোস্টারও সাঁটানো হয়েছে। শুক্রবার (৬ নভেম্বর) সকালে স্থানীয়দের নজরে আসে এ ঘটনা। এতে ক্ষোভ প্রকাশ করেছেন এলাকাবাসী।প্রধানমন্ত্রীর খুলনা সফরকে কেন্দ্র করে নগরীর সৌন্দর্যবর্ধন কার্যক্রমের অংশ হিসেবে বিভিন্ন দেয়ালে ইতিহাস, ঐতিহ্য ও সাংস্কৃতিক ব্যক্তিত্বদের প্রতিকৃতি ও গ্রাফিতি আঁকা হয়। এরই ধারাবাহিকতায় শিববাড়ী মোড় সংলগ্ন রেলস্টেশনের দেয়ালে দেশের বিভিন্ন বরেণ্য ব্যক্তির প্রতিকৃতির পাশাপাশি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের গ্রাফিতিও স্থান পায়।স্থানীয়রা জানান, শুক্রবার সকালে তারা দেখতে পান, কে বা কারা রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতিকৃতির মুখমণ্ডল কালো কালি দিয়ে ঢেকে দিয়েছে। পাশাপাশি দেয়ালে সাঁটানো হয়েছে রবীন্দ্রনাথবিরোধী কয়েকটি পোস্টার। সাংস্কৃতিক ব্যক্তিত্বের প্রতিকৃতি এভাবে বিকৃত করার ঘটনায় তারা ক্ষোভ প্রকাশ করেন।এ বিষয়ে খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. লোকমান হোসেন জানান, ঘটনাটি সম্পর্কে পুলিশের কাছে কোনো তথ্য নেই। এ নিয়ে কেউ আনুষ্ঠানিক বা অনানুষ্ঠানিকভাবে অভিযোগও করেননি। তবে বিষয়টি খোঁজ নিয়ে দেখা হচ্ছে।