জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে আজ শনিবার (৭ নভেম্বর) অনুষ্ঠিত হচ্ছে উন্মুক্ত সংগীতানুষ্ঠান ‘কনসার্ট ফর সলিডারিটি’। সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজিত এ কনসার্টে দেশের সাতটি জনপ্রিয় ব্যান্ড টানা সাত ঘণ্টা সংগীত পরিবেশন করবে।আয়োজকদের সূচি অনুযায়ী, দুপুর ৩টায় দর্শকদের জন্য কনসার্টের প্রবেশপথ খুলে দেওয়া হবে। মূল সংগীত পরিবেশনা শুরু হবে বিকেল ৪টায়। কনসার্টে প্রবেশের জন্য কোনো টিকিট লাগবে না; সবার জন্য উন্মুক্ত রাখা হয়েছে অনুষ্ঠানস্থল।একই মঞ্চে দেশের জনপ্রিয় সাত ব্যান্ডের পরিবেশনা ঘিরে সংগীতপ্রেমীদের মধ্যে তৈরি হয়েছে ব্যাপক আগ্রহ। কনসার্টে অংশ নেবে নগরবাউল জেমস, মাইলস, ওয়ারফেজ, শিরোনামহীন, আর্টসেল, মেকানিক্স ও ফিডব্যাক।কনসার্টে অংশ নেওয়ার বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে নিশ্চিত করেছেন নগরবাউল জেমস। নিজের ফেসবুক পোস্টে তিনি লিখেছেন, ‘প্রিয় বন্ধুরা, দেখা হবে….জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে, ৭ নভেম্বর, মানিক মিয়া অ্যাভিনিউতে।’অন্যদিকে, ভক্তদের আমন্ত্রণ জানিয়েছে ব্যান্ড ওয়ারফেজ। সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যান্ডটি জানিয়েছে, ‘একটি শহর, একটি মঞ্চ, সাতটি আইকনিক সংগীত পরিবেশনা। ঐক্য ও সংহতির এক অনন্য চেতনা। প্রস্তুত হোন এক অবিস্মরণীয় সংগীত—।’জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আয়োজনের অংশ হিসেবে এই কনসার্টে এক মঞ্চে দেশের জনপ্রিয় সাতটি ব্যান্ডের পরিবেশনা উপভোগের সুযোগ পাবেন দর্শকেরা।