ব্লুটুথ কোর ৭.০-এ যুক্ত হচ্ছে হাই ডেটা থ্রুপুট ফিচার | প্রতি সেকেন্ডে তথ্য আদান-প্রদানের গতি ৭.৫ মেগাবিটওয়্যারলেস প্রযুক্তিতে বড় ধরনের পরিবর্তন আনতে যাচ্ছে ব্লুটুথ। ডিভাইসের মধ্যে দ্রুত তথ্য আদান-প্রদানের সুবিধা বাড়াতে ‘ব্লুটুথ হাই ডেটা থ্রুপুট’ (এইচডিটি) নামে নতুন একটি ফিচার অনুমোদন করেছে প্রযুক্তিটির নিয়ন্ত্রক সংস্থা ব্লুটুথ স্পেশাল ইন্টারেস্ট গ্রুপ (এসআইজি)। নতুন এ প্রযুক্তি চালু হলে ব্লুটুথ লো এনার্জি (বিএলই) ডিভাইসে তথ্য স্থানান্তরের সর্বোচ্চ গতি আগের তুলনায় প্রায় ৩ দশমিক ৭৫ গুণ বাড়বে।প্রযুক্তিবিষয়ক সংবাদমাধ্যম এনগ্যাজেটের প্রতিবেদন অনুযায়ী, ব্লুটুথ কোর ৭.০-এর ঐচ্ছিক ফিচার হিসেবে যুক্ত হয়েছে এইচডিটি প্রযুক্তি। এর মাধ্যমে ব্লুটুথ লো এনার্জি ডিভাইসে ডেটা স্থানান্তরের গতি প্রতি সেকেন্ডে ২ মেগাবিট থেকে বেড়ে ৭ দশমিক ৫ মেগাবিটে পৌঁছাতে পারবে। ফলে স্মার্ট ডিভাইসগুলোর মধ্যে বড় আকারের তথ্য আদান-প্রদান আগের চেয়ে দ্রুত হবে।অডিও প্রযুক্তিতে আসবে পরিবর্তননতুন প্রযুক্তির অন্যতম বড় সুবিধা পাওয়া যেতে পারে ওয়্যারলেস অডিও ব্যবস্থায়। বাড়তি ডেটা স্থানান্তরের সক্ষমতার কারণে উন্নতমানের অডিও, মাল্টি-চ্যানেল সাউন্ড এবং স্পেশাল অডিও প্রযুক্তির ব্যবহার আরও কার্যকর হওয়ার সম্ভাবনা রয়েছে। এতে তারবিহীন অডিও ডিভাইসে উন্নত শব্দের অভিজ্ঞতা তৈরির সুযোগ বাড়বে।স্মার্ট ডিভাইসে দ্রুত হবে তথ্য আদান-প্রদানশুধু অডিও প্রযুক্তি নয়, দৈনন্দিন ব্যবহারের স্মার্ট ডিভাইসেও এর প্রভাব পড়তে পারে। স্মার্টওয়াচের ফার্মওয়্যার আপডেট, ফিটনেস-সংক্রান্ত তথ্য সিঙ্ক্রোনাইজ করা এবং এক ডিভাইস থেকে অন্য ডিভাইসে বড় ফাইল স্থানান্তরের মতো কাজ দ্রুত সম্পন্ন করা সম্ভব হবে।এ ছাড়া বাড়তি ব্যান্ডউইথ কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক অ্যাপ্লিকেশন এবং স্পেশাল কম্পিউটিং ডিভাইসের সঙ্গে ব্লুটুথ সংযোগকে আরও কার্যকর করতে পারে। এতে বিভিন্ন ডিভাইসের মধ্যে তথ্য আদান-প্রদানে সময় কম লাগার পাশাপাশি ব্যবহারকারীর অভিজ্ঞতাও উন্নত হওয়ার সম্ভাবনা রয়েছে।কম বিদ্যুৎ খরচের সুবিধা বজায় থাকবেএইচডিটি প্রযুক্তির গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হলো, এটি ব্লুটুথ লো এনার্জি ব্যবস্থার ওপর ভিত্তি করে কাজ করবে। ফলে তুলনামূলক কম বিদ্যুৎ খরচের সুবিধা বজায় রেখেই বেশি গতিতে তথ্য স্থানান্তরের সুযোগ তৈরি হবে। বিশেষ করে ব্যাটারিচালিত স্মার্ট ডিভাইসের ক্ষেত্রে এটি গুরুত্বপূর্ণ হতে পারে।প্রযুক্তিটির সমর্থনযুক্ত প্রথম দিকের ডিভাইসগুলো ২০২৭ সালের শুরুর দিকে বাজারে আসতে পারে বলে ধারণা করা হচ্ছে। আগামী জানুয়ারিতে যুক্তরাষ্ট্রের লাস ভেগাসে অনুষ্ঠেয় কনজিউমার ইলেকট্রনিকস শো (সিইএস) অথবা এর আগেই এ প্রযুক্তিসমর্থিত ডিভাইসের ঘোষণা আসতে পারে।নতুন এই প্রযুক্তি বাস্তবায়িত হলে স্মার্ট ডিভাইস, ওয়্যারলেস অডিও এবং কৃত্রিম বুদ্ধিমত্তানির্ভর প্রযুক্তির ক্ষেত্রে ব্লুটুথের ব্যবহার আরও বিস্তৃত হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে এর সুফল পেতে ডিভাইস নির্মাতাদের নতুন প্রযুক্তির সমর্থন যুক্ত করতে হবে।