ডিজিটাল ফরেনসিক, ক্রিপ্টোকারেন্সি ট্র্যাকিং ও যৌথ তদন্তে কারিগরি সহায়তার বিষয়ে আলোচনাবাংলাদেশ পুলিশ ও সিঙ্গাপুর পুলিশের মধ্যে দ্বিপক্ষীয় নিরাপত্তা সহযোগিতা জোরদার এবং আন্তঃদেশীয় অপরাধ দমনে যৌথভাবে কাজ করার বিষয়ে আলোচনা হয়েছে। এ লক্ষ্যে ডিজিটাল ফরেনসিক, ক্রিপ্টোকারেন্সি ট্র্যাকিং, সাইবার অপরাধ প্রতিরোধ এবং অর্থপাচার রোধে কারিগরি সহায়তা ও প্রশিক্ষণের ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।সোমবার (৯ নভেম্বর) পুলিশ হেডকোয়ার্টার্সে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকিরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন বাংলাদেশে সিঙ্গাপুর হাইকমিশনের চার্জ দ্য অ্যাফেয়ার্স ফিলিপ অং। সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত এ বৈঠকে দুই দেশের পুলিশ বাহিনীর পারস্পরিক সহযোগিতার বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়।যৌথ তদন্তে এসওপি প্রণয়নের প্রস্তাববৈঠকে আন্তঃদেশীয় অপরাধ ও অর্থপাচার প্রতিরোধে যৌথ তদন্তের জন্য একটি স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর (এসওপি) প্রণয়নের ওপর গুরুত্বারোপ করেন সিঙ্গাপুরের চার্জ দ্য অ্যাফেয়ার্স। পাশাপাশি ডিজিটাল ফরেনসিক, ক্রিপ্টোকারেন্সির লেনদেন শনাক্তকরণ এবং সাইবার অপরাধ দমনে সিঙ্গাপুরের কারিগরি সহায়তা ও প্রশিক্ষণের বিষয়েও আলোচনা হয়।এ ছাড়া আধুনিক গোয়েন্দা তথ্যনির্ভর অভিযান পরিচালনা, সংকট মোকাবিলা ব্যবস্থাপনা এবং অভিজ্ঞতা বিনিময়ের বিষয়গুলো বৈঠকে স্থান পায়।সন্ত্রাসী অর্থায়ন ও অনলাইন অপরাধ প্রতিরোধে নজরদারিসন্ত্রাসী কর্মকাণ্ডে অর্থায়ন এবং সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করে সংঘটিত অপরাধ প্রতিরোধে যৌথ গোয়েন্দা নজরদারি জোরদারের বিষয়েও আলোচনা করেন দুই পক্ষ।আইজিপি মো. আলী হোসেন ফকির অপরাধ দমনে সিঙ্গাপুর পুলিশের সঙ্গে যৌথভাবে কাজ করার গভীর আগ্রহ প্রকাশ করেন। এ সময় পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।