রাঙামাটির বাঘাইছড়ির সাজেক উপত্যকায় দীর্ঘদিনের অবরোধে বিপর্যস্ত হয়ে পড়েছে স্থানীয় অর্থনীতি। বন্ধ রয়েছে পর্যটনকেন্দ্র, স্থবির পরিবহণ ও ব্যবসা-বাণিজ্য। আয়-রোজগার বন্ধ হয়ে বিপাকে পড়েছেন হোটেল-রিসোর্ট ব্যবসায়ী, পরিবহণ শ্রমিক, কৃষকসহ স্থানীয় বাসিন্দারা। অন্যদিকে আঞ্চলিক রাজনৈতিক আধিপত্য বিস্তার এবং সশস্ত্র গোষ্ঠীর উপস্থিতি নিয়ে বিরোধের জেরে আন্দোলনকারীদের সঙ্গে সরকারের শান্তি সংলাপও থমকে রয়েছে।সাজেকের চলমান সংকটের পেছনে পার্বত্য চট্টগ্রামের দুই আঞ্চলিক রাজনৈতিক সংগঠন—পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি (জেএসএস-সন্তু লারমা) ও ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ-প্রসিত খীসা) মধ্যে আধিপত্য বিস্তারের বিরোধের বিষয়টি সামনে এসেছে। তবে অবরোধের নেতৃত্বে থাকা সংগঠনগুলোর অভিযোগ, এলাকায় সশস্ত্র গোষ্ঠীর তৎপরতা ও চাঁদাবাজির কারণে সাধারণ মানুষ নিরাপত্তাহীনতায় ভুগছেন।সশস্ত্র সদস্যদের সরানোর দাবিতে অবরোধসাজেক গণঅধিকার রক্ষা কমিটি ও সাজেক কারবারি অ্যাসোসিয়েশন অবরোধ কর্মসূচিতে নেতৃত্ব দিচ্ছে। সংগঠন দুটির অভিযোগ, সাজেকের মাচালংসহ বিভিন্ন এলাকায় জেএসএসের সশস্ত্র সদস্যরা অবস্থান নিয়ে স্থানীয়দের ভয়ভীতি দেখাচ্ছেন। পাশাপাশি চাঁদাবাজি ও সশস্ত্র তৎপরতার কারণে সাধারণ মানুষের নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে।তাদের পাঁচ দফা দাবির অন্যতম হলো সাজেক থেকে জেএসএসের সশস্ত্র সদস্যদের সরিয়ে নেওয়া।সাজেক গণঅধিকার রক্ষা কমিটির আহ্বায়ক বাবুধন চাকমার অভিযোগ, সাজেকে সেনাবাহিনী ও জেএসএসের সশস্ত্র সদস্যরা কাছাকাছি অবস্থান করলেও সশস্ত্র সদস্যদের সরিয়ে নেওয়ার বিষয়ে কার্যকর পদক্ষেপ দেখা যাচ্ছে না। পাঁচ দফা দাবি পূরণ না হওয়া পর্যন্ত অবরোধ চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন তিনি।তবে এসব অভিযোগ অস্বীকার করেছে জেএসএস। সংগঠনটির সহতথ্য ও প্রচার সম্পাদক সাজীব চাকমা দাবি করেন, জেএসএস কোনো সশস্ত্র আন্দোলন পরিচালনা করছে না। অবরোধকারী সংগঠনগুলো ইউপিডিএফের ‘পকেট সংগঠন’ হিসেবে কাজ করছে বলেও অভিযোগ করেন তিনি। তার দাবি, জেএসএসের বিরুদ্ধে অপপ্রচার চালিয়ে ইউপিডিএফ নিজেদের তৎপরতা আড়াল করতে চাইছে।পর্যটন বন্ধ, আয়-রোজগার হারাচ্ছেন স্থানীয়রাঅবরোধের কারণে সাজেকের পর্যটন খাত সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে। স্থানীয় পরিবহণ ও পর্যটন ব্যবসায়ীদের ভাষ্য, সাজেকে শতাধিক হোটেল-রিসোর্টসহ বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠানের সঙ্গে বহু মানুষের জীবিকা জড়িত। পর্যটনকেন্দ্র বন্ধ থাকায় এসব প্রতিষ্ঠানের আয় বন্ধ হয়ে গেছে। একই সঙ্গে পরিবহণ, কৃষি ও অন্যান্য অর্থনৈতিক কর্মকাণ্ডেও স্থবিরতা দেখা দিয়েছে।খাগড়াছড়ি সড়ক পরিবহণ জিপ মালিক সমিতির সাধারণ সম্পাদক মো. মীর হোসেনসহ স্থানীয় ব্যবসায়ীরা জানান, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে চলমান অবরোধ পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে। দীর্ঘদিন পর্যটন বন্ধ থাকায় ব্যবসায়ী ও শ্রমজীবী মানুষ আর্থিক সংকটে পড়েছেন।পাঁচ দফা দাবিতে সংলাপে অচলাবস্থাসংকট নিরসনে গত ২৬ অক্টোবর খাগড়াছড়ির সংসদ সদস্য ও পার্বত্য চট্টগ্রামবিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আবদুল ওয়াদুদ ভূঁইয়ার নেতৃত্বে সরকারি প্রতিনিধিদলের সঙ্গে আন্দোলনকারীদের বৈঠক হয়।বৈঠকে আন্দোলনকারীদের পাঁচ দফা দাবির চারটি বিষয়ে অগ্রগতি বা সমঝোতার কথা জানানো হলেও মূল বিরোধ থেকে যায় সশস্ত্র সদস্যদের সরিয়ে নেওয়ার সময়সীমা নিয়ে। সরকার এ জন্য তিন সপ্তাহ সময় চাইলেও আন্দোলনকারীরা পাঁচ দিনের মধ্যে দৃশ্যমান পদক্ষেপ দাবি করেন। ফলে কোনো চূড়ান্ত সমাধান ছাড়াই বৈঠক শেষ হয়।এরপর থেকে সংলাপের উদ্যোগ কার্যত থমকে রয়েছে। প্রশাসনের পক্ষ থেকে আলোচনা, কমিটি গঠন ও নিরাপত্তা উদ্যোগ নেওয়া হলেও সংকটের স্থায়ী সমাধান মেলেনি।ক্ষতিপূরণের প্রস্তাব, পর্যটন চালুর সিদ্ধান্ত নেইগত ৫ নভেম্বর সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে সাজেকের ক্ষতিগ্রস্ত স্থায়ী বাসিন্দা ও শ্রমজীবী মানুষের জন্য ক্ষতিপূরণের প্রস্তাব ওঠে। তবে পর্যটনকেন্দ্র পুনরায় চালু, সড়ক যোগাযোগ স্বাভাবিক করা এবং সশস্ত্র তৎপরতা বন্ধের বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।অবরোধ প্রত্যাহার না হওয়ায় জেলা প্রশাসনের নির্দেশনায় বন্ধ রয়েছে সাজেক ভ্যালি পর্যটনকেন্দ্র। নিরাপত্তার স্বার্থে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এ নিষেধাজ্ঞা বহাল থাকবে বলে জানিয়েছেন বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা আমেনা মারজান।সব মিলিয়ে রাজনৈতিক বিরোধ, নিরাপত্তা পরিস্থিতি ও সংলাপে অচলাবস্থার কারণে সাজেকের স্বাভাবিক জীবনযাত্রা ও অর্থনৈতিক কর্মকাণ্ড ব্যাহত হচ্ছে। দ্রুত সমঝোতা না হলে পর্যটননির্ভর এ অঞ্চলের ব্যবসায়ী ও শ্রমজীবী মানুষের সংকট আরও দীর্ঘায়িত হওয়ার আশঙ্কা রয়েছে।