চট্টগ্রামে ‘মেহফিল-এ-ইনকিলাব’ অনুষ্ঠানে আবেগঘন মুহূর্ত; বিচার ও আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণাচট্টগ্রামের প্যারেড ময়দানে ইনকিলাব মঞ্চের আয়োজিত এক অনুষ্ঠানে শহীদ শরীফ ওসমান হাদির স্মৃতিচারণ করতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন সংগঠনটির আহ্বায়ক আব্দুল্লাহ আল জাবের। তাঁর আবেগঘন বক্তব্যে কেঁদে ফেলেন দর্শকসারিতে বসে থাকা এক যুবকও। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।রোববার (৮ নভেম্বর) রাতে নগরের চকবাজার থানার প্যারেড ময়দানে ‘মেহফিল-এ-ইনকিলাব’ শীর্ষক অনুষ্ঠানে এ দৃশ্য দেখা যায়। ইনকিলাব মঞ্চ আয়োজিত অনুষ্ঠানে তখন উপস্থিত ছিলেন হাজারো মানুষ।সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ২ মিনিট ২১ সেকেন্ডের ভিডিওতে দেখা যায়, মঞ্চে বক্তব্য দিচ্ছিলেন আব্দুল্লাহ আল জাবের। একপর্যায়ে ওসমান হাদির স্মৃতিচারণ করতে গিয়ে তাঁর কণ্ঠ ভারী হয়ে আসে। আবেগ ধরে রাখতে না পেরে কান্নায় ভেঙে পড়েন তিনি। এ সময় দর্শকসারিতে বসে থাকা এক যুবকও কাঁদতে শুরু করেন। তাঁর মুখে শোনা যায়, ‘আমার ভাই মরে গেল আল্লাহ! আমাদের জন্যই রেখে দিল না কেন? তারে কেন নিয়ে গেল আল্লাহ?’হাদির অসমাপ্ত লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণাস্মৃতিচারণ করতে গিয়ে আব্দুল্লাহ আল জাবের বলেন, ‘দেখেন হাদি ভাই, আপনি তো শুধু জাবেরকে নিয়ে এই লড়াইটা শুরু করেছিলেন। আজকে এখানে হাজার হাজার মানুষ আপনার ইনকিলাবের লড়াইয়ের হাল ধরে বসে আছে।’ওসমান হাদির অসমাপ্ত সংগ্রাম এগিয়ে নেওয়ার প্রত্যয় জানিয়ে তিনি বলেন, শেষ নিঃশ্বাস পর্যন্ত তাঁরা এ লড়াই চালিয়ে যাবেন। হাদিকে হত্যার ঘটনার বিচার এবং তাঁদের ঘোষিত লক্ষ্য অর্জন না হওয়া পর্যন্ত আন্দোলন থামবে না।জাবের বলেন, ‘আমরা কাঁদব, আমরা হাসব, আমরা লড়াই করব; কিন্তু এই রাজপথ, এই জমিন ছাড়ব না।’দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও ইনসাফ প্রতিষ্ঠার লক্ষ্যে ওসমান হাদির অসমাপ্ত লড়াই এগিয়ে নেওয়ার অঙ্গীকারও ব্যক্ত করেন তিনি।ভিডিওতে কান্নায় ভেঙে পড়া যুবকের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।