নিরাপদ অভিবাসন ও শ্রমিকের অধিকার নিশ্চিতে এবি পার্টির সাত দফা দাবিপ্রবাসী বাংলাদেশি কর্মীদের অধিকার, নিরাপত্তা ও মর্যাদা নিশ্চিত করার পাশাপাশি নিরাপদ অভিবাসন ব্যবস্থা গড়ে তোলার দাবি জানিয়েছে আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি)। দলটির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু বলেছেন, প্রবাসীদের কেবল রেমিট্যান্স পাঠানোর যন্ত্র হিসেবে দেখার সুযোগ নেই। তারা বাংলাদেশের নাগরিক এবং দেশের অর্থনীতির গুরুত্বপূর্ণ অংশীদার। তাদের অধিকার ও মর্যাদা রক্ষা করা রাষ্ট্রের দায়িত্ব।সোমবার (৯ নভেম্বর) রাজধানীর বিজয়নগরে এবি পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন। এ সময় দলের প্রবাসী কল্যাণবিষয়ক সম্পাদক রাজা গোলাম রব্বানী উপস্থিত ছিলেন।প্রেস ব্রিফিংয়ে মালয়েশিয়ার শ্রমবাজারে সিন্ডিকেট ও অতিরিক্ত অভিবাসন ব্যয় বন্ধ, রাশিয়ায় কর্মসংস্থানের নামে প্রতারণা প্রতিরোধ, ইউরোপে বৈধ চাকরির ক্ষেত্রে বিএমইটির (BMET) অপ্রয়োজনীয় জটিলতা দূর করা এবং বাংলাদেশে ইউরোপীয় ভিসা সেবা সম্প্রসারণসহ সাত দফা দাবি তুলে ধরে দলটি।মজিবুর রহমান মঞ্জু বলেন, প্রবাসীদের শ্রম, ঘাম ও ত্যাগের ওপর দেশের অর্থনীতির একটি বড় অংশ দাঁড়িয়ে আছে। অথচ বিদেশে কাজের জন্য যেতে গিয়ে তাদের প্রতারণা, ঋণের বোঝা, হয়রানি ও অনিশ্চয়তার মুখোমুখি হতে হয়।তিনি বলেন, দেশের অর্থনীতি প্রবাসীদের পাঠানো রেমিট্যান্সের ওপর নির্ভরশীল হলেও তাদের অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করতে রাষ্ট্রের দায়িত্ব পালনে যথেষ্ট ঘাটতি রয়েছে। প্রবাসী কল্যাণকে শুধু রেমিট্যান্সের হিসাব দিয়ে বিবেচনা করা যাবে না। নিরাপদ অভিবাসন, ন্যায্য কর্মসংস্থান, আইনি সুরক্ষা এবং মর্যাদাপূর্ণ জীবন নিশ্চিত করতে হবে।সরকারের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, প্রবাসী কর্মীরা কোনো পণ্য নন; তারা বাংলাদেশের নাগরিক। তাদের অধিকার ও মর্যাদা রক্ষায় সরকারকে অবিলম্বে কার্যকর পদক্ষেপ নিতে হবে।গণভোট ও নোট অব ডিসেন্ট প্রসঙ্গেও প্রশ্নপ্রেস ব্রিফিংয়ে রাজনৈতিক প্রসঙ্গ টেনে মঞ্জু বলেন, সব ধরনের প্রতিকূল পরিস্থিতি ও বাস্তবতা বিবেচনায় নিয়েই বিএনপি ৩১ দফা দিয়েছিল। অন্তর্বর্তীকালীন সরকারের বিভিন্ন সিদ্ধান্তের বিরোধিতা করে যেসব নোট অব ডিসেন্ট দেওয়া হয়েছিল, গণভোটে জনগণের রায়ের পর সেগুলোর কার্যকারিতা নিয়ে প্রশ্ন উঠেছে।তিনি বলেন, বর্তমান নিরাপত্তা উপদেষ্টাসহ চট্টগ্রাম বন্দরের বিষয়ে নোট অব ডিসেন্ট দেওয়া হয়েছিল। কিন্তু ক্ষমতায় এসে সেই নিরাপত্তা উপদেষ্টাকেই পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব দেওয়া হয়েছে এবং চট্টগ্রাম বন্দর ডিপি ওয়ার্ল্ডকে ইজারা দেওয়া হয়েছে। তাহলে গণভোটের গণরায় মানতে এত অনীহা কেন? গণভোটের পর নোট অব ডিসেন্টের আর কোনো রাজনৈতিক ভিত্তি নেই বলেও মন্তব্য করেন তিনি।এবি পার্টির সাত দফা দাবিপ্রেস ব্রিফিংয়ে সরকারের কাছে সাত দফা দাবি তুলে ধরে এবি পার্টি। দাবিগুলো হলো—১. মালয়েশিয়াসহ সব শ্রমবাজারে সিন্ডিকেট ও অতিরিক্ত অভিবাসন ব্যয় বন্ধে কার্যকর ব্যবস্থা নিতে হবে।২. নিয়োগ ব্যয়ের পূর্ণাঙ্গ ও স্বচ্ছ হিসাব প্রকাশ করতে হবে এবং কর্মীদের কাছ থেকে বেআইনিভাবে অর্থ আদায় বন্ধ করতে হবে।৩. রাশিয়াসহ ঝুঁকিপূর্ণ শ্রমবাজারে নিয়োগকর্তা, চাকরির চুক্তি ও কাজের প্রকৃতি যাচাইয়ের বিশেষ ব্যবস্থা করতে হবে।৪. ইউরোপে বৈধ চাকরি ও ভিসা পাওয়া কর্মীদের বিএমইটি ছাড়পত্র দ্রুত ও স্বচ্ছভাবে দিতে হবে।৫. ইউরোপীয় ভিসার আবেদন ও বায়োমেট্রিক সেবা বাংলাদেশে সম্প্রসারণে কূটনৈতিক উদ্যোগ নিতে হবে।৬. বিদেশে প্রতারণা, বেতন না পাওয়া, পাসপোর্ট আটকে রাখা ও মানবপাচারের শিকার কর্মীদের দ্রুত আইনি সহায়তা এবং দেশে ফেরার কার্যকর ব্যবস্থা নিশ্চিত করতে হবে।৭. প্রবাসী কর্মীদের অভিযোগ গ্রহণ ও নিষ্পত্তির জন্য সমন্বিত, সহজলভ্য ও কার্যকর ডিজিটাল ব্যবস্থা চালু করতে হবে।প্রেস ব্রিফিংয়ে আরও উপস্থিত ছিলেন দলের যুগ্ম সাধারণ সম্পাদক ব্যারিস্টার আব্বাস ইসলাম খান নোমান, ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক সেলিম খান, সাংগঠনিক সম্পাদক (বরিশাল) গাজী নাসির, কর্মসংস্থানবিষয়ক সম্পাদক সফিউল বাশার, সহসাংগঠনিক সম্পাদক (ঢাকা) শাহজাহান বেপারী, ঢাকা মহানগর দক্ষিণের সদস্যসচিব বারকাজ নাসির আহমদ, প্রবাসীবিষয়ক সহসম্পাদক চৌধুরী মশিউল আযম সাকিবসহ দলের কেন্দ্রীয় ও মহানগর পর্যায়ের নেতারা।