তিন কর্মদিবসের মধ্যে প্রতিবেদন জমার নির্দেশ; শিক্ষক, অভিভাবক, স্থানীয় কর্মকর্তা ও জনপ্রতিনিধিদের সমন্বয়ে হবে কমিটিদেশের সব মাধ্যমিক বিদ্যালয় ও কলেজে মাদক ও ইভটিজিং প্রতিরোধে বিশেষ কমিটি গঠনের নির্দেশ দিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি)। শিক্ষক, অভিভাবক, স্থানীয় কর্মকর্তা ও জনপ্রতিনিধিদের সমন্বয়ে এসব কমিটি গঠন করতে হবে। পাশাপাশি কমিটি গঠনের বিষয়টি নিশ্চিত করে তিন কর্মদিবসের মধ্যে অধিদপ্তরে প্রতিবেদন পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে।রোববার (৮ নভেম্বর) মাউশির সহকারী পরিচালক (সাধারণ প্রশাসন) মো. রেজাউল করিম স্বাক্ষরিত এক চিঠিতে এ নির্দেশনা দেওয়া হয়। জাতীয় নিরাপত্তা সংক্রান্ত কমিটির সভায় নেওয়া সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে।মাউশির চিঠি অনুযায়ী, গত ৫ নভেম্বর জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) জাতীয় নিরাপত্তা সংক্রান্ত কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়। ওই সভায় দেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে মাদক ও ইভটিজিং প্রতিরোধে কার্যকর উদ্যোগ নেওয়ার সিদ্ধান্ত হয়। এর ধারাবাহিকতায় মাধ্যমিক বিদ্যালয় ও কলেজগুলোতে পৃথক প্রতিরোধ কমিটি গঠনের নির্দেশনা দেওয়া হয়েছে।তিন কর্মদিবসের মধ্যে প্রতিবেদননির্দেশনায় সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক, অভিভাবক, স্থানীয় কর্মকর্তা ও জনপ্রতিনিধিদের অন্তর্ভুক্ত করে কমিটি গঠনের কথা বলা হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে কমিটি গঠনের কাজ সম্পন্ন করে এ-সংক্রান্ত প্রতিবেদন অধিদপ্তরে পাঠাতে হবে।এ জন্য মাউশির আঞ্চলিক পরিচালকদের তাঁদের আওতাধীন কলেজগুলোতে কমিটি গঠনের বিষয়টি নিশ্চিত করার দায়িত্ব দেওয়া হয়েছে। প্রতিবেদন পাঠাতে হবে অধিদপ্তরের নির্ধারিত ই-মেইল ঠিকানায়—ad-admin@dshe.gov.bd।চিঠিটি দেশের সব অঞ্চলের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের পরিচালক এবং সরকারি-বেসরকারি কলেজ ও টিচার্স ট্রেনিং কলেজের অধ্যক্ষদের কাছে পাঠানো হয়েছে।শিক্ষাপ্রতিষ্ঠানে মাদকাসক্তি ও ইভটিজিং প্রতিরোধে সংশ্লিষ্টদের সমন্বিত উদ্যোগ নিশ্চিত করা এবং নির্ধারিত সময়ের মধ্যে বাস্তবায়ন অগ্রগতি জানাতেই এ নির্দেশনা দেওয়া হয়েছে।