চিন্ময় কৃষ্ণ দাসের মুক্তি চেয়ে প্রধানমন্ত্রীর কাছে অনলাইন পিটিশন, স্বাক্ষর ৯৬০
প্রথম দর্পণ, ডেস্ক||
প্রকাশিত: ৯ নভেম্বর ২০২৬, সকাল ৯:৪১ সময়
কারাবন্দি চিন্ময় কৃষ্ণ দাসের মুক্তি ও তার বিরুদ্ধে চলমান মামলাগুলোর বিচারপ্রক্রিয়া নিয়ে উদ্বেগ জানিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে অনলাইনে গণস্বাক্ষর কর্মসূচি শুরু হয়েছে। ‘চেঞ্জ ডট অর্গ’ (Change.org) প্ল্যাটফর্মে চালু হওয়া এ আবেদনে রোববার পর্যন্ত ৯৬০ জন স্বাক্ষর করেছেন। পিটিশনটি শেয়ার হয়েছে ৬০৭ বার।মানবাধিকারকর্মী হিসেবে পরিচিত শিতাংশু গুহ গত ১ নভেম্বর এ অনলাইন আবেদন চালু করেন। এতে চিন্ময় কৃষ্ণ দাসের মুক্তির বিষয়টি বিবেচনা করার পাশাপাশি তার বিরুদ্ধে দায়ের করা মামলাগুলোর বিচারপ্রক্রিয়া এবং ধর্মীয় সংখ্যালঘুদের নিরাপত্তা ও অধিকার নিশ্চিত করতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করা হয়েছে।পিটিশনে দাবি করা হয়, আগের সরকার অন্যায়ভাবে চিন্ময় কৃষ্ণ দাসকে কারাগারে পাঠিয়েছে। তিনি খুনি নন—এমন দাবি তুলে একটি হত্যা মামলায় তাকে প্রধান আসামি হিসেবে কারাগারে রাখার বিষয়টি পুনর্বিবেচনার জন্য প্রধানমন্ত্রীর প্রতি আহ্বান জানানো হয়েছে।আবেদনে উল্লেখ করা হয়, প্রথমে রাষ্ট্রদ্রোহের মামলায় চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেফতার করা হয়। পরে চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যা মামলায় তাকে আসামি করা হয়। সম্প্রতি ওই মামলায় চিন্ময়সহ আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়েছে বলেও পিটিশনে উল্লেখ রয়েছে।চিন্ময় কৃষ্ণ দাসের বিরুদ্ধে দায়ের করা মামলাগুলো রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করেছেন আবেদনকারী। পাশাপাশি তার আইনজীবীদের আদালতে উপস্থিত হতে না পারা এবং আইনি লড়াই চালাতে গিয়ে বাধার মুখে পড়ার অভিযোগও তুলে ধরা হয়েছে। পিটিশনে তার জামিন ও বিচারপ্রক্রিয়া নিয়েও উদ্বেগ প্রকাশ করা হয়েছে।আবেদনকারীর প্রত্যাশা, প্রধানমন্ত্রী বিষয়টি বিবেচনায় নিয়ে চিন্ময় কৃষ্ণ দাসের আইনি অধিকার, মামলাগুলোর বিচারপ্রক্রিয়া এবং ধর্মীয় সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করার বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেবেন।