গ্রেডভেদে মজুরি ৩০ থেকে ৪৮ হাজার টাকা নির্ধারণের দাবি শ্রমিকপক্ষের; প্রস্তাব জমায় সাত কার্যদিবস সময় চেয়েও পেয়েছে চার দিনতৈরি পোশাকশ্রমিকদের মাসিক ন্যূনতম মজুরি ১২ হাজার ৫০০ টাকা থেকে বাড়িয়ে ৩২ হাজার টাকা করার প্রস্তাব দিয়েছে শ্রমিকপক্ষ। একই সঙ্গে গ্রেডভেদে ৩০ হাজার থেকে ৪৮ হাজার টাকা পর্যন্ত মজুরি নির্ধারণের দাবি জানানো হয়েছে। তবে মজুরি পুনর্নির্ধারণের প্রস্তাব জমা দিতে মালিকপক্ষ সময় চাওয়ায় তাদের চার কার্যদিবস সময় দিয়েছে নিম্নতম মজুরি বোর্ড।সোমবার (৯ নভেম্বর) রাজধানীর সেগুনবাগিচায় নিম্নতম মজুরি বোর্ডের দ্বিতীয় সভায় শ্রমিক প্রতিনিধিরা নতুন মজুরি কাঠামোর এ প্রস্তাব জমা দেন। সভা শেষে বাংলাদেশ গার্মেন্টস অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক ও শ্রমিক প্রতিনিধি বাবুল আখতার এ তথ্য জানান।গ্রেডভেদে প্রস্তাবিত মজুরিশ্রমিকপক্ষের প্রস্তাব অনুযায়ী, তৈরি পোশাকশিল্পের বিভিন্ন গ্রেডে মাসিক মজুরি নির্ধারণের দাবি জানানো হয়েছে। এর মধ্যে গ্রেড-১-এর শ্রমিকদের জন্য ৪৮ হাজার, গ্রেড-২-এর জন্য ৪৩ হাজার, গ্রেড-৩-এর জন্য ৩৮ হাজার এবং গ্রেড-৪-এর জন্য ৩২ হাজার টাকা প্রস্তাব করা হয়েছে। এ ছাড়া নতুন বা শিক্ষানবিস শ্রমিকদের জন্য ৩০ হাজার টাকা মজুরি নির্ধারণের দাবি রয়েছে।অন্যদিকে, সভায় মালিকপক্ষ তাদের প্রস্তাব জমা না দিয়ে সাত কার্যদিবস সময় চায়। তবে বোর্ড তাদের চার কার্যদিবস সময় দিয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে মালিকপক্ষকে প্রস্তাবিত মজুরি কাঠামো জমা দিতে হবে।সভা শেষে নিম্নতম মজুরি বোর্ডের চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী সাংবাদিকদের বলেন, মালিক ও শ্রমিক উভয় পক্ষের কাছ থেকেই মজুরি প্রস্তাব চাওয়া হয়েছিল। শ্রমিকপক্ষ তাদের প্রস্তাব জমা দিলেও মালিকপক্ষ সময় চেয়েছে।কারখানা পরিদর্শন করবে বোর্ডনতুন মজুরি নির্ধারণের আগে পোশাক কারখানাগুলোর বাস্তব পরিস্থিতি সরেজমিনে পর্যালোচনার সিদ্ধান্ত নিয়েছে বোর্ড। চেয়ারম্যান জানান, তৈরি পোশাকশিল্পে প্রায় ৪০ লাখ শ্রমিক কাজ করেন। তাদের সঙ্গে প্রায় ৪০ লাখ পরিবারও জড়িত। এ কারণে শ্রমিকদের জীবনযাত্রা ও শিল্পের সামগ্রিক পরিস্থিতি বিবেচনায় নিতে চলতি সপ্তাহে বিভিন্ন কারখানা পরিদর্শন করা হবে।এদিকে, মজুরি-সংক্রান্ত বিভিন্ন বিষয় পর্যালোচনার দায়িত্ব দেওয়া হয়েছে বোর্ডের নিরপেক্ষ সদস্য ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মোসলেহ উদ্দিন আহমদকে। প্রয়োজনে তিনি বিশেষজ্ঞদের সঙ্গে আলোচনা করতে পারবেন। পরবর্তী সভায় এক বা একাধিক বিশেষজ্ঞকেও যুক্ত করা হতে পারে।৩২ হাজার টাকা মজুরির দাবিতে স্মারকলিপি ও মানববন্ধনসভা শুরুর আগে মজুরি বাড়ানোর দাবিতে বোর্ডের চেয়ারম্যানের কাছে স্মারকলিপি দেন বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতারা। পোশাক খাতের ৫৫টি নিবন্ধিত শ্রমিক সংগঠনের সমন্বয়ে গঠিত পাঁচটি জোটের পক্ষ থেকে মাসিক ন্যূনতম মজুরি ৩২ হাজার টাকা করার দাবি জানানো হয়।একই দাবিতে সকাল থেকেই সেগুনবাগিচায় মজুরি বোর্ডের কার্যালয়ের সামনে মানববন্ধন করেন কয়েকটি শ্রমিক সংগঠনের নেতা-কর্মীরা।এর আগে গত ১ নভেম্বর তৈরি পোশাকশ্রমিকদের মজুরি পুনর্নির্ধারণে ছয় সদস্যের নিম্নতম মজুরি বোর্ড গঠন করে সরকার। ৪ নভেম্বর অনুষ্ঠিত হয় বোর্ডের প্রথম সভা। ওই সভায় নতুন মজুরি কাঠামো ডিসেম্বর থেকে কার্যকরের বিষয়ে আলোচনা হয়। সুপারিশ অনুমোদিত হলে আগামী জানুয়ারি থেকে নতুন কাঠামো অনুযায়ী বেতন পাওয়ার কথা রয়েছে শ্রমিকদের।বর্তমানে দেশের তৈরি পোশাকশ্রমিকদের সর্বনিম্ন মাসিক মজুরি ১২ হাজার ৫০০ টাকা। ২০২৩ সালের নভেম্বরে সর্বশেষ মজুরি কাঠামো নির্ধারণের সময় তা ৮ হাজার টাকা থেকে বাড়িয়ে ১২ হাজার ৫০০ টাকা করা হয়েছিল।