পাটুরিয়া-গোয়ালন্দে সম্ভাব্য অবস্থান, সমীক্ষা শেষে চূড়ান্ত হবে নির্মাণস্থলদ্বিতীয় পদ্মা সেতু ইংরেজি ‘ওয়াই’ (Y) আকৃতির বিশেষ নকশায় নির্মাণের প্রাথমিক সিদ্ধান্ত নিয়েছে সরকার। মানিকগঞ্জ, রাজবাড়ী ও পাবনা জেলার সংযোগস্থলকে কেন্দ্র করে তিনটি সম্ভাব্য রুট বিবেচনায় নিয়ে চলছে সমীক্ষা। প্রস্তাবিত এ সেতুর মাধ্যমে উত্তরবঙ্গের সঙ্গে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের সরাসরি সড়ক যোগাযোগ স্থাপনের পাশাপাশি পদ্মা ব্যারাজ প্রকল্পের সঙ্গে সমন্বিত অবকাঠামো গড়ে তোলার পরিকল্পনা রয়েছে।গত ৩ নভেম্বর সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত এক বৈঠকে দ্বিতীয় পদ্মা সেতু, পদ্মা ব্যারাজ ও দ্বিতীয় যমুনা সেতু নির্মাণের বিষয়ে আলোচনা হয়। বৈঠকে জাতীয় স্বার্থসংশ্লিষ্ট এসব মেগা প্রকল্প দ্রুত এগিয়ে নেওয়ার নির্দেশনা দেওয়া হয়। সভা শেষে সাংবাদিকদের কাছে সিদ্ধান্তের বিষয়টি নিশ্চিত করেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম।যে রুটগুলো বিবেচনায়প্রাথমিক পরিকল্পনায় দ্বিতীয় পদ্মা সেতুর সম্ভাব্য অবস্থান হিসেবে মানিকগঞ্জের পাটুরিয়া ও রাজবাড়ীর গোয়ালন্দ ঘাট এলাকাকে গুরুত্ব দেওয়া হচ্ছে। পাশাপাশি রাজবাড়ী-পাবনা, মানিকগঞ্জ-রাজবাড়ী এবং পাটুরিয়া-দৌলতদিয়া রুটও বিবেচনায় রয়েছে।প্রস্তাবিত ‘ওয়াই-টাইপ’ নকশায় তিনটি পৃথক সড়কপথ একটি সংযোগস্থলে মিলিত হবে। এতে উত্তরবঙ্গের পাবনা, মানিকগঞ্জ এবং দক্ষিণ-পশ্চিমাঞ্চলের মধ্যে যোগাযোগ সহজ করার সুযোগ তৈরি হতে পারে।বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের (বিবিএ) সূত্রের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, দ্বিতীয় পদ্মা সেতুর সম্ভাব্য অবস্থান নির্ধারণে তিন জেলার সীমান্তবর্তী নদী অববাহিকা ও সংশ্লিষ্ট এলাকাজুড়ে সম্ভাব্যতা সমীক্ষা চলছে। প্রথম পদ্মা সেতু থেকে উজানের দিকে প্রায় ৬০ থেকে ৭০ কিলোমিটার দূরত্বের মধ্যে সম্ভাব্য স্থানগুলো বিবেচনা করা হচ্ছে।পরামর্শক দল সংশ্লিষ্ট এলাকার ভূ-প্রাকৃতিক বৈশিষ্ট্য ও হাইড্রোগ্রাফিক পরিস্থিতি পরীক্ষা-নিরীক্ষা করছে। এসব সমীক্ষার ফলাফল বিশ্লেষণ করেই সেতুর উপযুক্ত স্থান ও নির্মাণ পরিকল্পনা চূড়ান্ত করা হবে।পদ্মা ব্যারাজের সঙ্গে সমন্বিত পরিকল্পনাসেতুমন্ত্রী শেখ রবিউল আলম জানান, পদ্মা ব্যারাজ প্রকল্প ইতোমধ্যে গ্রহণ করা হয়েছে। একই সঙ্গে নীতিগতভাবে দ্বিতীয় পদ্মা সেতু নির্মাণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দ্বিতীয় যমুনা সেতু নির্মাণের প্রয়োজনীয়তাও রয়েছে। এসব প্রকল্প বাস্তবায়নের অঙ্গীকার সরকারের নির্বাচনি ইশতেহারেও রয়েছে।তিনি বলেন, প্রকল্পগুলোর মধ্যে সমন্বয় এবং নির্মাণকাজের সামঞ্জস্য নিশ্চিত করতেই সংশ্লিষ্ট বৈঠক অনুষ্ঠিত হয়েছে। পদ্মা ব্যারাজের সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করার পাশাপাশি যোগাযোগ অবকাঠামো হিসেবেও এর সম্ভাবনা কাজে লাগানোর বিষয়টি বিবেচনায় রাখা হচ্ছে।পদ্মা ব্যারাজ ও প্রস্তাবিত ওয়াই-টাইপ সেতুর মধ্যে কোনো ধরনের প্রতিবন্ধকতা তৈরি হবে কি না, কিংবা দুটি প্রকল্প পরস্পরের পরিপূরক হিসেবে কাজ করতে পারবে কি না, তা নিয়েও বৈঠকে আলোচনা হয়। শেষ পর্যন্ত পদ্মা ব্যারাজের পরিকল্পনা অনুযায়ী কাজ এগিয়ে নেওয়ার পাশাপাশি দ্বিতীয় পদ্মা সেতু নির্মাণের উদ্যোগ অব্যাহত রাখার সিদ্ধান্ত হয়।সমীক্ষা শেষে সেতুর চূড়ান্ত অবস্থান, নকশা ও বাস্তবায়ন পরিকল্পনা নির্ধারিত হবে। ফলে প্রকল্পটির পরবর্তী অগ্রগতি নির্ভর করছে সম্ভাব্যতা সমীক্ষার ফলাফল ও সংশ্লিষ্ট কারিগরি মূল্যায়নের ওপর।