ভারতে অবস্থানরত ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) জন্য আবেদন করার সিদ্ধান্তকে রাজনৈতিক ভুল হিসেবে অভিহিত করেছেন সাবেক আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল। তাঁর মতে, পাসপোর্ট চেয়ে শেখ হাসিনা কার্যত ভারত থেকে বাংলাদেশে প্রত্যর্পণের পথ আরও সহজ করে দিয়েছেন। এতে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বিচারের অজুহাতে তাঁকে ফেরত না দেওয়ার যুক্তি দুর্বল হবে।সোমবার (৯ নভেম্বর) বিকেলে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে ‘শেখ হাসিনার ভুল’ শিরোনামে দেওয়া এক পোস্টে এসব মন্তব্য করেন আসিফ নজরুল।পোস্টে তিনি লেখেন, বাংলাদেশে ফেরার জন্য পাসপোর্ট চাওয়ার অর্থ হলো, শেখ হাসিনা মনে করছেন দেশে ফিরে বিচার মোকাবিলার পরিস্থিতি রয়েছে। তবে তিনি একজন দণ্ডিত আসামি। তাঁকে প্রত্যর্পণের জন্য বাংলাদেশ সরকার ইতোমধ্যে ভারতের কাছে চিঠি পাঠিয়েছে।আসিফ নজরুলের ভাষ্য, প্রত্যর্পণ চাওয়া একজন দণ্ডিত আসামির দেশে ফিরতে নতুন পাসপোর্টের প্রয়োজন নেই। ভারত সরকার চাইলে তাঁকে গ্রেফতার করে বাংলাদেশের কাছে হস্তান্তর করতে পারে।তিনি আরও বলেন, পাসপোর্টের আবেদন করার মধ্য দিয়ে শেখ হাসিনা কার্যত বাংলাদেশের অবস্থানকে আরও শক্তিশালী করেছেন। বাংলাদেশ সরকার এখন বলতে পারবে, দেশে ন্যায়বিচারের পরিবেশ রয়েছে বলেই তিনি দেশে ফেরার প্রস্তুতি নিচ্ছেন। ফলে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বিচারের অভিযোগ তুলে তাঁকে প্রত্যর্পণ না করার যুক্তি গ্রহণযোগ্যতা হারাতে পারে।পোস্টের শেষাংশে শেখ হাসিনাকে উদ্দেশ করে আসিফ নজরুল লেখেন, দেশে ফিরবেন না—এটি সবাই বোঝেন। অযথা এ ধরনের পদক্ষেপ নিয়ে দলের সাধারণ নেতা-কর্মীদের বিপদ বাড়াচ্ছেন তিনি।পাসপোর্ট ও এনআইডির আবেদনএদিকে ভারত থেকে বাংলাদেশে ফেরার প্রস্তুতির অংশ হিসেবে নতুন পাসপোর্ট ও এনআইডির জন্য আবেদন করেছেন শেখ হাসিনা। সোমবার নয়াদিল্লিতে অবস্থিত বাংলাদেশ হাইকমিশনে তাঁর আইনজীবীরা এ-সংক্রান্ত একটি চিঠি পাঠান। বার্তা সংস্থা রয়টার্সের হাতে আসা চিঠির বরাতে এ তথ্য জানা গেছে।শেখ হাসিনার আইনজীবীদের পক্ষে লন্ডনভিত্তিক আইনি প্রতিষ্ঠান ম্যাট্রিক্স চেম্বার্সের আইনজীবীরা দিল্লিতে বাংলাদেশের দূতাবাসের ভারপ্রাপ্ত হাইকমিশনার প্রীতি রহমানের কাছে চিঠিটি পাঠান। ২০২৪ সালের ৫ আগস্ট ক্ষমতাচ্যুত হয়ে দেশ ছাড়ার পর এটিই পাসপোর্ট ও এনআইডির জন্য তাঁর প্রথম আনুষ্ঠানিক আবেদন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।আবেদন যাচাই করে দেখছে সরকারশেখ হাসিনার পাসপোর্ট ও এনআইডির আবেদন সম্পর্কে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, আবেদনটির সত্যতা এখনো তাঁর জানা নেই। তবে বিষয়টি পররাষ্ট্র মন্ত্রণালয় ও আইন মন্ত্রণালয় খতিয়ে দেখছে।সোমবার সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, পলাতক দণ্ডিত আসামি শেখ হাসিনা পাসপোর্ট ও এনআইডির জন্য আবেদন করেছেন বলে তিনি টেলিভিশনের সংবাদে দেখেছেন। তবে আবেদনটির সত্যতা এখনো যাচাই করতে পারেননি।স্বরাষ্ট্রমন্ত্রী জানান, আবেদনটির আইনগত ভিত্তি, যথাযথ প্রক্রিয়ায় করা হয়েছে কি না এবং আবেদন করার অধিকার তাঁর রয়েছে কি না—এসব বিষয় পর্যালোচনা করা হবে। এ ক্ষেত্রে পাসপোর্ট আইন, নাগরিকত্ব আইন ও এনআইডি আইন বিবেচনায় নেওয়া হবে। পর্যালোচনা শেষে পররাষ্ট্র মন্ত্রণালয় অথবা আইন মন্ত্রণালয় এ বিষয়ে বক্তব্য দেবে।প্রত্যর্পণ চুক্তিতে ফেরত চায় বাংলাদেশভারত থেকে শেখ হাসিনাকে ফিরিয়ে আনার বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বাংলাদেশ প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী তাঁকে ফিরিয়ে আনার জন্য পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে ভারতের কাছে আনুষ্ঠানিক চিঠি পাঠিয়েছে। আইন অনুযায়ী তাঁকে প্রত্যর্পণের অনুরোধ জানানো হয়েছে।উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানের মুখে ক্ষমতাচ্যুত হওয়ার পর শেখ হাসিনা বাংলাদেশ ছেড়ে ভারতে আশ্রয় নেন। এরপর থেকে তিনি ভারতেই অবস্থান করছেন। তাঁর বিরুদ্ধে বাংলাদেশে দায়ের হওয়া মামলায় দণ্ডিত হওয়ার বিষয়টি উল্লেখ করে সরকার তাঁকে দেশে ফিরিয়ে আনার উদ্যোগ নিয়েছে।