খেলা শুরুর তিন মিনিটের মাথায় মৃত্যু, একমাত্র সন্তানকে হারিয়ে শোকে পরিবারকুমিল্লার হোমনায় ফুটবল খেলতে নেমে মাঠেই প্রাণ হারিয়েছে অষ্টম শ্রেণির শিক্ষার্থী ও উদীয়মান ফুটবলার জিসান আহমেদ (১৪)। সোমবার বেলা আড়াইটার দিকে হোমনা আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে ‘নতুন কুঁড়ি সিজন-২’ স্পোর্টসের উপজেলা পর্যায়ের ফুটবল প্রতিযোগিতায় খেলতে গিয়ে হঠাৎ মাটিতে লুটিয়ে পড়ে সে। পরে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। চিকিৎসকের প্রাথমিক ধারণা, আকস্মিক হৃদ্রোগে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়ে থাকতে পারে।সোমবার (৯ নভেম্বর) হোমনা পৌরসভা দল ও মাথাভাঙা ইউনিয়ন দলের মধ্যকার ম্যাচে পৌরসভা দলের হয়ে খেলছিল জিসান। খেলা শুরুর মাত্র তিন মিনিটের মাথায় হঠাৎ কয়েক ধাপ পেছনে গিয়ে মাঠে পড়ে যায় সে। এ সময় রেফারি মো. শরীফ খেলা বন্ধ করে দেন। সতীর্থ ও উপস্থিত ব্যক্তিরা দ্রুত তাকে উদ্ধার করে হোমনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে জরুরি বিভাগের চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।হোমনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক মো. সাইফুল ইসলাম বলেন, জিসানকে হাসপাতালে আনার পর প্রয়োজনীয় পরীক্ষা করা হয়। এতে দেখা যায়, হাসপাতালে পৌঁছানোর আগেই তার মৃত্যু হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, হঠাৎ হৃদ্রোগে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়ে থাকতে পারে।মাঠের রেফারি মো. শরীফ বলেন, খেলা শুরুর কয়েক মিনিটের মধ্যেই জিসান হঠাৎ পেছনের দিকে কয়েক ধাপ গিয়ে মাটিতে লুটিয়ে পড়ে। সঙ্গে সঙ্গে খেলা বন্ধ করে সবাই মিলে তাকে হাসপাতালে নেওয়া হয়।একমাত্র সন্তানকে হারিয়ে শোকে পরিবারনিহত জিসানের বাড়ি হোমনা উপজেলার জয়পুর ইউনিয়নের দড়িকান্দি গ্রামে। সে হোমনা আদর্শ উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থী ছিল। তার বাবা মো. জালাল হোসেন সৌদি আরবপ্রবাসী। জালাল হোসেন ও মিনা আক্তার দম্পতির একমাত্র সন্তান ছিল জিসান।বিদ্যালয়ের হয়ে জেলা ও বিভাগীয় পর্যায়ের বিভিন্ন ফুটবল প্রতিযোগিতায় অংশ নিয়েছিল সে। নিয়মিত খেলাধুলায় যুক্ত এই কিশোরের আকস্মিক মৃত্যুতে পরিবার, সহপাঠী, শিক্ষক ও এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।জিসানের মৃত্যুর খবর পেয়ে হাসপাতালে ছুটে আসেন তার মা, দাদা, নানা, আত্মীয়স্বজন ও পরিবারের সদস্যরা। তাঁদের আহাজারিতে হাসপাতাল প্রাঙ্গণে হৃদয়বিদারক পরিস্থিতির সৃষ্টি হয়। এ সময় বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহ শিক্ষক-শিক্ষার্থী, পৌর প্রশাসনের প্রতিনিধি, উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও পুলিশ সদস্যরাও হাসপাতালে উপস্থিত হন।ময়নাতদন্ত ছাড়া মরদেহ হস্তান্তরের প্রক্রিয়াহোমনা পৌর প্রশাসক ও সহকারী কমিশনার (ভূমি) নুসরাত জাবীন বলেন, পরিবারের পক্ষ থেকে জেলা প্রশাসকের কাছে আবেদন করা হয়েছে। মানবিক দিক বিবেচনায় ময়নাতদন্ত ছাড়াই মরদেহ দাফন-কাফনের জন্য পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।হোমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) টমাস বড়ুয়া বলেন, ঘটনার বিষয়ে খোঁজখবর নিতে পুলিশ ঘটনাস্থলে রয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনগত প্রক্রিয়া চলমান।বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. লুৎফর রহমান জানান, জিসানের বাবা সৌদি আরব থেকে দেশে ফেরার পর তার দাফন সম্পন্ন করা হবে। এর আগে জিসানের বিদ্যাপীঠ হোমনা আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে তার জানাজা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।যে মাঠে সতীর্থদের সঙ্গে ফুটবল নিয়ে ছুটে বেড়াত জিসান, সেই মাঠেই আকস্মিকভাবে থেমে গেল তার জীবন। তার মৃত্যুতে শোকাহত সহপাঠী, শিক্ষক ও পুরো এলাকাবাসী।