দেশের প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন ও মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে ৪ হাজার ১৯০ কোটি টাকার উন্নয়ন কর্মসূচি অনুমোদন করেছে সরকার। এ কর্মসূচির মোট ব্যয়ের মধ্যে সরকারের নিজস্ব অর্থায়ন থেকে ৩ হাজার ৪০৩ কোটি টাকা এবং বৈদেশিক অর্থায়ন থেকে ৭৯৭ কোটি টাকা জোগান দেওয়া হবে।মঙ্গলবার (১০ নভেম্বর) সরকারের বিভিন্ন কর্মকাণ্ড নিয়ে আয়োজিত নিয়মিত সাপ্তাহিক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।তিনি বলেন, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উদ্যোগে মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিত করার লক্ষ্যে এ উন্নয়ন কর্মসূচি অনুমোদন দেওয়া হয়েছে। কর্মসূচি বাস্তবায়নে মোট ব্যয় ধরা হয়েছে ৪ হাজার ১৯০ কোটি টাকা। এর মধ্যে ৮১ শতাংশের বেশি অর্থায়ন করবে সরকার এবং বাকি অর্থ আসবে বৈদেশিক সহায়তা থেকে।দেশের শিক্ষাব্যবস্থার বর্তমান অবস্থা তুলে ধরে তথ্য উপদেষ্টা বলেন, দেশের অন্যান্য খাতের মতো শিক্ষাব্যবস্থাও ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে অন্যান্য খাতের তুলনায় শিক্ষার অবনতি সবচেয়ে বেশি দৃশ্যমান। এ পরিস্থিতি থেকে উত্তরণ এবং শিক্ষার মান নিশ্চিত করতে সরকার কাজ করছে।ডা. জাহেদ উর রহমান আরও বলেন, শিক্ষার মান ধরে রাখতে যারা সক্ষম হবেন, রাষ্ট্রীয় স্বীকৃতি ও সরকারি সনদ তাদের জন্যই সংরক্ষিত থাকবে। সম্প্রতি অনুষ্ঠিত উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষায়ও এ নীতির প্রতিফলন দেখা গেছে।প্রাথমিক শিক্ষার গুণগত মান নিশ্চিত করা, শিক্ষাব্যবস্থার বিদ্যমান দুর্বলতা কাটিয়ে ওঠা এবং শিক্ষার্থীদের জন্য মানসম্মত শিক্ষার পরিবেশ তৈরিতে সরকারের এ উদ্যোগ গুরুত্বপূর্ণ বলে সংশ্লিষ্টরা মনে করছেন।