ঢাকার সিএমএম আদালত প্রাঙ্গণে ককটেল বিস্ফোরণ, আটক ২
প্রথম দর্পণ, ডেস্ক||
প্রকাশিত: ১০ নভেম্বর ২০২৬, সকাল ৭:২৮ সময়
রাজধানীর ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালত প্রাঙ্গণে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। সোমবার (৯ নভেম্বর) সন্ধ্যার দিকে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ফয়সাল ও সুকুমার নামে দুজনকে আটক করেছে পুলিশ। ঘটনাস্থল থেকে একটি অবিস্ফোরিত ককটেল উদ্ধার এবং তাদের ব্যবহৃত একটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে।ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) প্রসিকিউশন বিভাগের উপপুলিশ কমিশনার মহিউদ্দিন মাহমুদ সোহেল বিষয়টি নিশ্চিত করেছেন।সিএমএম আদালতের হাজতখানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এসআই মোর্শেদ আলম জানান, আদালত এলাকায় একটি ককটেলের বিস্ফোরণ ঘটেছে। এ ছাড়া আরেকটি ককটেল অবিস্ফোরিত অবস্থায় পাওয়া গেছে। সেটি জব্দ করেছে পুলিশ।তিনি আরও জানান, ফয়সাল ও সুকুমার নামে দুজনকে ঘটনাস্থলে উপস্থিত জনতা হাতেনাতে আটক করে পুলিশের হাতে তুলে দেন। পরে তাদের কোতোয়ালি থানা পুলিশের হেফাজতে দেওয়া হয়।ঘটনার পর ডিএমপির প্রসিকিউশন বিভাগের কর্মকর্তারা এবং কোতোয়ালি থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন।তবে ককটেল বিস্ফোরণের কারণ, ঘটনার সঙ্গে আটক দুজনের সম্পৃক্ততা এবং এর পেছনে অন্য কেউ জড়িত কি না, সে বিষয়ে বিস্তারিত তথ্য তাৎক্ষণিকভাবে জানা যায়নি।