আওয়ামী লীগের অপতৎপরতা ঠেকাতে মাঠে ছাত্রশক্তি, জামায়াত-শিবিরকে নিয়ে প্রশ্ন রাশেদ খাঁনের
প্রথম দর্পণ, ডেস্ক||
প্রকাশিত: ১০ নভেম্বর ২০২৬, সকাল ৮:২০ সময়
আওয়ামী লীগের অপতৎপরতা প্রতিরোধে রাজপথে জামায়াত-শিবিরের উপস্থিতি দেখা যায়নি বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী (সচিব পদমর্যাদা) রাশেদ খাঁন। একই সময়ে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ছাত্রসংগঠন ছাত্রশক্তির নেতাকর্মীরা মাঠে থাকায় সংগঠনটিকে ধন্যবাদ পাওয়ার যোগ্য বলেও উল্লেখ করেছেন তিনি।মঙ্গলবার (১০ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে এসব মন্তব্য করেন রাশেদ খাঁন।ফেসবুক পোস্টে তিনি লেখেন, আওয়ামী লীগের অপতৎপরতা দমনে জামায়াত-শিবিরকে রাজপথে পাওয়া যাবে না—এমন প্রমাণ ইতোমধ্যে পাওয়া গেছে বলে তিনি মনে করেন। তবে এনসিপির ছাত্রসংগঠন ছাত্রশক্তি ছোট পরিসরে হলেও মাঠে রয়েছে। এ কারণে সংগঠনটির নেতাকর্মীদের ধন্যবাদ পাওয়ার যোগ্য বলে মন্তব্য করেন তিনি।পোস্টে রাশেদ খাঁন আরও অভিযোগ করেন, গণভবন দখলের কথিত পরিকল্পনাকারীরা জাতির দুঃসময়ে আত্মগোপনে থাকলেও সুসময়ে বিপ্লবীর ভূমিকা নেওয়ার চেষ্টা করেন।তিনি বলেন, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় বাংলাদেশপন্থি শক্তি নিষ্ক্রিয় থাকতে পারে না। এ কারণে ছাত্রদলের নেতাকর্মীরা সারা রাত রাজপথে পাহারা দিয়েছেন এবং মোটরসাইকেল নিয়ে শহরের বিভিন্ন অলিগলিতে টহল দিয়েছেন। মঙ্গলবারও তারা দিনভর রাজপথে থাকবেন বলে পোস্টে উল্লেখ করেন তিনি।নিষিদ্ধ ছাত্রলীগ অবরোধের নামে কোথাও অগ্নিসংযোগ বা সহিংসতার চেষ্টা করলে ছাত্রদলের নেতৃত্বে সাধারণ মানুষকে নিয়ে প্রতিরোধ গড়ে তোলার আহ্বানও জানান রাশেদ খাঁন।