নিরাপদ ক্যাম্পাসের অঙ্গীকার পুনর্ব্যক্ত, জুলাই গণ-অভ্যুত্থানের শহীদদের রক্তের সঙ্গে বেঈমানি না করার ঘোষণাদেশকে বারবার রক্তাক্ত করা এবং স্বাধীনতা ও সার্বভৌমত্ব বিকিয়ে দেওয়ার সঙ্গে জড়িতদের দমনে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি মো. রাকিবুল ইসলাম রাকিব।মঙ্গলবার (১০ নভেম্বর) নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এ হুঁশিয়ারি দেন। একই সঙ্গে সাধারণ শিক্ষার্থীদের জন্য নিরাপদ ক্যাম্পাস নিশ্চিত করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন তিনি।ফেসবুক পোস্টে রাকিবুল ইসলাম রাকিব বলেন, ‘নিরাপদ ক্যাম্পাস ছাত্রদলের অঙ্গীকার। সাধারণ শিক্ষার্থীদের প্রতি আমাদের সেই অঙ্গীকার আমরা রক্ষা করে চলেছি। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কথায় নয়, কাজে বিশ্বাসী।’জুলাই-আগস্টের ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের প্রসঙ্গ উল্লেখ করে ছাত্রদল সভাপতি বলেন, জুলাই গণ-অভ্যুত্থানকে তারা হৃদয়ে ধারণ করেন। এক হাজার ৪০০ শহীদের রক্তের সঙ্গে বেঈমানি করতে পারেন না তারা।তিনি আরও বলেন, যারা বারবার বাংলাদেশকে রক্তাক্ত করেছে এবং দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব বিকিয়ে দিয়েছে, তাদের যেভাবে দমন করা প্রয়োজন, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সেই পন্থাই অবলম্বন করবে।তবে কাদের উদ্দেশে এ হুঁশিয়ারি দেওয়া হয়েছে কিংবা কী ধরনের পদক্ষেপ নেওয়া হবে, ফেসবুক পোস্টে তা সুনির্দিষ্টভাবে উল্লেখ করেননি ছাত্রদল সভাপতি।