ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণ, শ্রমিকদের কালো তালিকাভুক্তি বন্ধসহ নয় দফা দাবিতে আবারও উত্তপ্ত হয়ে উঠেছে ঢাকার আশুলিয়া শিল্পাঞ্চল। মঙ্গলবার সকাল থেকে বিভিন্ন পোশাক কারখানার শ্রমিকদের বিক্ষোভকে কেন্দ্র করে পুলিশের সঙ্গে দফায় দফায় সংঘর্ষ ও ধাওয়া-পালটাধাওয়ার ঘটনা ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ লাঠিচার্জ, কাঁদানে গ্যাস ও রাবার বুলেট নিক্ষেপ করেছে। এতে পুলিশ সদস্যসহ অর্ধশতাধিক শ্রমিক আহত হয়েছেন। সংঘাতের জেরে অন্তত ৩০টি কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে।মঙ্গলবার (১০ নভেম্বর) সকাল থেকে আশুলিয়ার বিভিন্ন পোশাক কারখানায় শ্রমিকরা স্বাভাবিকভাবে কাজে যোগ দেন। পরে শারমিন গ্রুপের একটি ফ্লোর, এনভয়, স্টারলিংসহ কয়েকটি কারখানার শ্রমিকরা কাজ বন্ধ করে কর্মবিরতি শুরু করেন। একপর্যায়ে কারখানা কর্তৃপক্ষ সাধারণ ছুটি ঘোষণা করে।সকাল ১০টার দিকে ছুটি পাওয়া শ্রমিকরা আশপাশের অন্যান্য কারখানার সামনে গিয়ে বিক্ষোভের চেষ্টা করেন। এ সময় পুলিশ তাঁদের ছত্রভঙ্গ করতে কাঁদানে গ্যাস নিক্ষেপ করে। পরে শ্রমিকদের সঙ্গে পুলিশের দফায় দফায় ধাওয়া-পালটাধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে।সড়ক অবরোধ, পুলিশের লাঠিচার্জ ও রাবার বুলেটএকপর্যায়ে তিনটি কারখানার শ্রমিকরা কাজ বন্ধ করে বেরিয়ে এসে বাইপাইল-আবদুল্লাহপুর সড়ক অবরোধ করেন। এতে শিল্পাঞ্চলের পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ লাঠিচার্জ, কাঁদানে গ্যাস ও রাবার বুলেট নিক্ষেপ করে।শ্রমিকদের ইটপাটকেলের আঘাতে ছয় পুলিশ সদস্য আহত হয়েছেন। তাঁদের মধ্যে একজনের চোখের ওপরে আঘাত লেগেছে বলে জানিয়েছে পুলিশ। সংঘর্ষে অর্ধশতাধিক শ্রমিকও আহত হয়েছেন।আশুলিয়া শিল্পাঞ্চল পুলিশ-১-এর পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ মোমিনুল ইসলাম ভূঁইয়া যুগান্তরকে বলেন, শ্রমিক অসন্তোষের কারণে কারখানা কর্তৃপক্ষ ৩০টি কারখানায় ছুটি ঘোষণা করেছে। নিশ্চিন্তপুর এলাকায় বিক্ষোভকারীদের ইটপাটকেলের আঘাতে ছয় পুলিশ সদস্য আহত হয়েছেন।মোতায়েন বিজিবি, সতর্ক আইনশৃঙ্খলা বাহিনীশ্রমিক অসন্তোষ ও বিশৃঙ্খলা ঠেকাতে আশুলিয়া শিল্পাঞ্চলে কয়েক প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। পাশাপাশি সতর্ক অবস্থানে রয়েছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অন্যান্য সদস্যরা। শিল্পাঞ্চলের গুরুত্বপূর্ণ স্থান ও কারখানাগুলোর সামনে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।স্থানীয় একটি তৈরি পোশাক কারখানার কর্মকর্তা জানান, বেতন বৃদ্ধির দাবিতে শ্রমিক বিক্ষোভের কারণে বেশ কয়েকটি কারখানায় ছুটি ঘোষণা করা হয়েছে। একটি কারখানার শ্রমিকরা বের হয়ে আশপাশের কারখানার শ্রমিকদেরও বের হওয়ার আহ্বান জানান। কেউ বের না হলে কয়েকটি কারখানা লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করা হয়। এ পরিস্থিতিতে আশপাশের কারখানাগুলোও নিরাপত্তার স্বার্থে ছুটি ঘোষণা করতে বাধ্য হয়।অনির্দিষ্টকালের জন্য বন্ধ নিউএইজ গ্রুপের কারখানাএদিকে চলমান শ্রমিক অসন্তোষের পরিপ্রেক্ষিতে আশুলিয়ায় অবস্থিত নিউএইজ গ্রুপের সব কারখানা ১০ নভেম্বর থেকে অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। বাংলাদেশ শ্রম আইন-২০০৬-এর ১৩(১) ধারা অনুযায়ী এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।দুপুর দেড়টার পর পরিস্থিতি নিয়ন্ত্রণে এলে শিল্পাঞ্চলের পরিবেশ কিছুটা শান্ত হয়। তবে সড়ক-মহাসড়কে যানবাহন চলাচল কমে যায়। শ্রমিকদের নয় দফা দাবিকে কেন্দ্র করে সৃষ্ট এই অসন্তোষে শিল্পাঞ্চলের উৎপাদন ও স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হয়েছে।