ঘর ও রেস্তোরাঁর খাবারে লবণের ধরন বদলালে হৃদরোগ ও কিডনি রোগের ঝুঁকি কমার সম্ভাবনা; তবে সবার জন্য নিরাপদ নয় বলে সতর্ক করেছেন বিশেষজ্ঞরা।প্রতিদিনের খাবারে ব্যবহৃত সাধারণ লবণের পরিবর্তে পটাশিয়ামসমৃদ্ধ লবণ ব্যবহার করা হলে বিশ্বজুড়ে বছরে প্রায় ৩০ লাখ মানুষের অকালমৃত্যু ঠেকানো সম্ভব হতে পারে। একই সঙ্গে হৃদরোগ ও কিডনি রোগে নতুন আক্রান্তের সংখ্যা প্রায় ১ কোটি ১৭ লাখ কমানো সম্ভব। সম্প্রতি প্রকাশিত এক বৈশ্বিক গবেষণায় এমন সম্ভাবনার কথা উঠে এসেছে।বিজ্ঞান সাময়িকী নেচার হেলথ-এ প্রকাশিত গবেষণাটি পরিচালনা করেছে অস্ট্রেলিয়ার দ্য জর্জ ইনস্টিটিউট ফর গ্লোবাল হেলথ। এতে ১৯৩টি দেশের তথ্য বিশ্লেষণ করে বাড়ির রান্না, প্রক্রিয়াজাত খাবার এবং রেস্তোরাঁয় সাধারণ লবণের পরিবর্তে পটাশিয়ামসমৃদ্ধ লবণ ব্যবহারের সম্ভাব্য স্বাস্থ্যগত প্রভাব মূল্যায়ন করা হয়েছে।গবেষকদের ভাষ্য, এটি কোনো বাস্তবায়িত কর্মসূচির ফল নয়; বরং বিভিন্ন পরিস্থিতি বিবেচনায় তৈরি গাণিতিক মডেলভিত্তিক প্রাক্কলন।পটাশিয়ামসমৃদ্ধ লবণ কীসাধারণ খাবার লবণের প্রধান উপাদান সোডিয়াম ক্লোরাইড। অন্যদিকে পটাশিয়ামসমৃদ্ধ লবণে সাধারণ লবণের একটি অংশের পরিবর্তে পটাশিয়াম ক্লোরাইড ব্যবহার করা হয়। এতে খাবারে সোডিয়ামের পরিমাণ কমে এবং পটাশিয়ামের পরিমাণ বাড়ে।শরীরের স্বাভাবিক কার্যক্রমের জন্য সোডিয়াম ও পটাশিয়াম—দুটিই প্রয়োজন। তবে এই দুই খনিজের ভারসাম্য নষ্ট হলে উচ্চ রক্তচাপসহ বিভিন্ন স্বাস্থ্যঝুঁকি তৈরি হতে পারে। বিশেষ করে অতিরিক্ত সোডিয়াম গ্রহণ এবং পটাশিয়ামের ঘাটতি উচ্চ রক্তচাপের অন্যতম ঝুঁকির কারণ।গবেষণার প্রধান লেখক ও জর্জ ইনস্টিটিউটের পুষ্টিনীতি গবেষক ডা. লি পিং (পলি) হুয়াং বলেন, আধুনিক খাদ্যাভ্যাসে অধিকাংশ মানুষ প্রয়োজনের তুলনায় বেশি সোডিয়াম এবং কম পটাশিয়াম গ্রহণ করেন। দীর্ঘদিনের খাদ্যাভ্যাস পরিবর্তন করা কঠিন হওয়ায় পটাশিয়ামসমৃদ্ধ লবণ কার্যকর বিকল্প হতে পারে। এতে খাবারের স্বাদে বড় ধরনের পরিবর্তন ছাড়াই সোডিয়াম গ্রহণ কমানো সম্ভব।গবেষণায় যে সুফলের হিসাবগবেষকেরা বাড়িতে এবং বাণিজ্যিক খাবারে পটাশিয়ামসমৃদ্ধ লবণ ব্যবহারের পৃথক ও সম্মিলিত প্রভাব বিশ্লেষণ করেছেন। তাঁদের মডেল অনুযায়ী—বাড়ির রান্নায়: সাধারণ লবণের পরিবর্তে পটাশিয়ামসমৃদ্ধ লবণ ব্যবহার করলে বছরে প্রায় ৬১ লাখ ৯০ হাজার নতুন হৃদরোগ ও কিডনি রোগের ঘটনা প্রতিরোধ এবং ১৮ লাখ ৫০ হাজার মানুষের মৃত্যু ঠেকানো সম্ভব।রেস্তোরাঁ ও বাণিজ্যিক খাবারে: এ লবণ ব্যবহার করলে বছরে প্রায় ৫৪ লাখ ৬০ হাজার নতুন রোগের ঘটনা এবং ১৫ লাখ ৬০ হাজার মৃত্যু প্রতিরোধ করা সম্ভব।ঘর ও বাইরে উভয় ক্ষেত্রে: ব্যাপকভাবে ব্যবহার করা হলে বছরে প্রায় ১ কোটি ১৭ লাখ নতুন রোগের ঘটনা এবং ২৯ লাখ ৬০ হাজার মৃত্যু ঠেকানো সম্ভব হতে পারে।উচ্চ রক্তচাপে আক্রান্ত প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে সম্ভাব্য সুফল আরও গুরুত্বপূর্ণ। গবেষণার হিসাবে, তাঁদের মধ্যে পটাশিয়ামসমৃদ্ধ লবণের ব্যবহার বাড়ানো গেলে বছরে প্রায় ১৭ লাখ ২০ হাজার নতুন হৃদরোগ ও কিডনি রোগের ঘটনা এবং পাঁচ লাখের বেশি মৃত্যু প্রতিরোধ করা সম্ভব।রক্তচাপ নিয়ন্ত্রণে কার্যকর হওয়ার প্রমাণপটাশিয়ামসমৃদ্ধ লবণের কার্যকারিতা নিয়ে আগেও বিভিন্ন ক্লিনিক্যাল গবেষণা হয়েছে। এর মধ্যে চীনে ২০১৩ থেকে ২০২০ সাল পর্যন্ত পরিচালিত ‘সল্ট সাবস্টিটিউট অ্যান্ড স্ট্রোক স্টাডি’ উল্লেখযোগ্য।গবেষণায় দেখা গেছে, সাধারণ লবণের পরিবর্তে পটাশিয়ামসমৃদ্ধ লবণ ব্যবহারকারীদের স্ট্রোকের ঝুঁকি ১৪ শতাংশ, বড় ধরনের হৃদরোগের ঝুঁকি ১৩ শতাংশ এবং যেকোনো কারণে মৃত্যুর ঝুঁকি ১২ শতাংশ কম ছিল।যুক্তরাষ্ট্রের হৃদ্স্বাস্থ্য বিশেষজ্ঞ ও পুষ্টিবিদ মিশেল রাউথেনস্টাইন বলেন, যাঁদের কিডনি সুস্থ এবং খাবারে সোডিয়াম বেশি ও পটাশিয়াম কম গ্রহণের প্রবণতা রয়েছে, তাঁদের জন্য এ ধরনের লবণ উপকারী হতে পারে। তবে প্রক্রিয়াজাত খাবার ও রেস্তোরাঁর খাবারে সোডিয়ামের পরিমাণ কমানোর বিষয়টিও সমান গুরুত্বের সঙ্গে বিবেচনা করতে হবে।যাঁদের জন্য বিপজ্জনক হতে পারেপটাশিয়ামসমৃদ্ধ লবণ সবার জন্য নিরাপদ নয়। বিশেষ করে কিডনির কার্যক্ষমতা কমে গেছে—এমন ব্যক্তিদের ক্ষেত্রে এটি বিপজ্জনক হতে পারে।সুস্থ কিডনি রক্ত থেকে অতিরিক্ত পটাশিয়াম ছেঁকে শরীর থেকে বের করে দেয়। কিন্তু কিডনি ঠিকমতো কাজ না করলে রক্তে পটাশিয়ামের মাত্রা বেড়ে যেতে পারে। এতে হৃদস্পন্দনে মারাত্মক অনিয়মসহ প্রাণঘাতী জটিলতা দেখা দিতে পারে। চিকিৎসাবিজ্ঞানে এ অবস্থাকে ‘হাইপারক্যালেমিয়া’ বলা হয়।এ ছাড়া কিছু ওষুধ সেবনকারীদের ক্ষেত্রেও সতর্কতা প্রয়োজন। যেমন—লিসিনোপ্রিল, লসার্টান, স্পাইরোনোল্যাকটন ও এন্ট্রেস্টো। এসব ওষুধের সঙ্গে অতিরিক্ত পটাশিয়াম গ্রহণ করলে রক্তে পটাশিয়ামের মাত্রা বিপজ্জনকভাবে বেড়ে যাওয়ার আশঙ্কা থাকে। তাই কিডনি রোগে আক্রান্ত ব্যক্তি কিংবা এসব ওষুধ সেবনকারীদের চিকিৎসকের পরামর্শ ছাড়া পটাশিয়ামসমৃদ্ধ লবণ ব্যবহার করা উচিত নয়।লবণ কম খাওয়ার বিকল্প নয়পটাশিয়ামসমৃদ্ধ লবণ ব্যবহার করলেই ইচ্ছেমতো লবণ খাওয়ার সুযোগ তৈরি হয় না। কারণ এ ধরনের লবণেও সোডিয়াম থাকে। তাই মোট লবণ গ্রহণের পরিমাণ নিয়ন্ত্রণে রাখা জরুরি।বিশেষজ্ঞদের পরামর্শ, রান্নার লবণের পাশাপাশি প্রক্রিয়াজাত খাবার, ফাস্টফুড, রেস্তোরাঁর খাবার ও বিভিন্ন সসের মাধ্যমে শরীরে অতিরিক্ত সোডিয়াম প্রবেশের বিষয়েও সচেতন হতে হবে। একই সঙ্গে শিম, বরবটি, খরমুজ, এডামামে ও কিউইয়ের মতো পটাশিয়ামসমৃদ্ধ খাবার খাদ্যতালিকায় রাখা যেতে পারে।সব মিলিয়ে, সাধারণ লবণের পরিবর্তে পটাশিয়ামসমৃদ্ধ লবণ জনস্বাস্থ্যের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। তবে ব্যক্তির শারীরিক অবস্থা, বিশেষ করে কিডনির সুস্থতা ও ওষুধ সেবনের বিষয়টি বিবেচনায় রেখেই এর ব্যবহার নিশ্চিত করা প্রয়োজন।