বিএনপির র্যালিতে দলীয় ব্যানার হাতে ওসি, প্রত্যাহারের দাবি জামায়াতের
প্রথম দর্পণ, ডেস্ক||
প্রকাশিত: ১০ নভেম্বর ২০২৬, সকাল ৯:২৬ সময়
ঝিনাইদহের কালীগঞ্জে বিএনপির আয়োজিত র্যালিতে দলীয় ব্যানার হাতে নিয়ে অংশগ্রহণের অভিযোগ উঠেছে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুলফিকার আলীর বিরুদ্ধে। এ ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানিয়ে ওসির নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। একই সঙ্গে ঘটনার নিরপেক্ষ তদন্ত, প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ এবং তাঁকে কালীগঞ্জ থানা থেকে প্রত্যাহারের দাবি জানিয়েছে দলটি।গত ৮ নভেম্বর ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে কালীগঞ্জ উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে র্যালিটি অনুষ্ঠিত হয়। র্যালিতে পুলিশের পোশাক পরা অবস্থায় ওসি জুলফিকার আলীকে সামনের সারিতে বিএনপির দলীয় ব্যানার হাতে অংশ নিতে দেখা যায়।এ ঘটনার পরিপ্রেক্ষিতে সোমবার (৯ নভেম্বর) রাত ৯টার দিকে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে প্রতিবাদ জানায় কালীগঞ্জ উপজেলা জামায়াত। বিবৃতিতে স্বাক্ষর করেন উপজেলা জামায়াতের আমির আব্দুল হক ও সেক্রেটারি লুৎফর রহমান।বিবৃতিতে বলা হয়, একজন দায়িত্বশীল পুলিশ কর্মকর্তার রাজনৈতিক দলের কর্মসূচিতে দলীয় ব্যানার হাতে দৃশ্যমান উপস্থিতি গভীর উদ্বেগ ও হতাশার বিষয়। প্রজাতন্ত্রের কর্মচারী হিসেবে পুলিশ কর্মকর্তাদের দল-মত, ধর্ম-বর্ণ নির্বিশেষে সব নাগরিকের প্রতি সমান আচরণ এবং রাজনৈতিক নিরপেক্ষতা বজায় রাখা সাংবিধানিক ও পেশাগত দায়িত্ব।জামায়াতের বিবৃতিতে আরও বলা হয়, কোনো রাজনৈতিক দলের ব্যানার বহন কিংবা দলীয় কর্মসূচিতে সক্রিয়ভাবে অংশগ্রহণের মাধ্যমে একজন পুলিশ কর্মকর্তা নিজের নিরপেক্ষতার অবস্থান প্রশ্নবিদ্ধ করতে পারেন না। এ ধরনের ঘটনা প্রশাসনের নিরপেক্ষতা ও জনআস্থার ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে।বিবৃতিতে প্রশাসনিক কাঠামোকে দলীয় প্রভাবমুক্ত রেখে আইনের শাসন ও পেশাদারত্ব নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করা হয়। পাশাপাশি ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ এবং ওসি জুলফিকার আলীকে কালীগঞ্জ থানা থেকে প্রত্যাহারের দাবি জানানো হয়।এ বিষয়ে বক্তব্য জানতে কালীগঞ্জ থানার ওসি জুলফিকার আলীর মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি। ফলে এ বিষয়ে তাঁর বক্তব্য পাওয়া যায়নি।