২০১৮ সালের কেপটাউন টেস্টে বল টেম্পারিংয়ের ঘটনা নিয়ে নতুন করে বিতর্কের মধ্যে উসমান খাজার অভিযোগ নাকচ করে আগের বক্তব্যেই অনড় রয়েছেন অস্ট্রেলীয় পেসার মিচেল স্টার্ক। তাঁর দাবি, বল বিকৃতির পরিকল্পনা সম্পর্কে বোলারদের কোনো ধারণা ছিল না।অস্ট্রেলিয়া ক্রিকেটের আলোচিত ‘স্যান্ডপেপার গেট’ কেলেঙ্কারি নিয়ে প্রায় আট বছর পর নতুন করে বিতর্ক শুরু হয়েছে। অস্ট্রেলীয় ওপেনার উসমান খাজার আত্মজীবনী সবর-এ দেওয়া বক্তব্যের পর বিষয়টি আবারও আলোচনায় এসেছে। খাজার দাবি, ২০১৮ সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে কেপটাউন টেস্টে বল বিকৃতির পরিকল্পনা সম্পর্কে দলের অন্য সদস্যরাও অবগত ছিলেন। তবে তাঁর এই বক্তব্যের সঙ্গে একমত নন ওই ম্যাচে খেলা পেসার মিচেল স্টার্ক।২০২১ সালে বল টেম্পারিংয়ের ঘটনায় নিজেদের অবস্থান স্পষ্ট করে যৌথ বিবৃতি দিয়েছিলেন কেপটাউন টেস্টের চার বোলার প্যাট কামিন্স, জশ হ্যাজলউড, মিচেল স্টার্ক ও নাথান লিয়ন। তাঁরা জানিয়েছিলেন, বল বিকৃতির বিষয়ে তাঁদের কোনো ধারণা ছিল না। নতুন করে বিতর্ক শুরু হলেও সেই অবস্থান থেকে সরে আসেননি স্টার্ক।স্টার্ক বলেন, বিষয়টি নিয়ে তিনি খুব বেশি মনোযোগ দেননি। আট বছর আগের ঘটনা নিয়ে নানা ধরনের মতামত থাকতেই পারে। তবে নিজের অবস্থানের কোনো পরিবর্তন হয়নি।তিনি বলেন, ‘আমি অন্য বোলারদের হয়ে কথা বলতে চাই না। তবে নিজের অবস্থান থেকে বলতে পারি, আমার মতামতের কোনো পরিবর্তন হয়নি। ২০২১ সালে আমরা যা বলেছিলাম, এখনো সেই অবস্থানেই আছি।’পোর্ট এলিজাবেথ টেস্ট নিয়ে বিস্ময়খাজার আত্মজীবনীতে আরও দাবি করা হয়েছে, কেপটাউন টেস্টে ক্যামেরার সামনে ক্যামেরন ব্যানক্রফটের স্যান্ডপেপার ব্যবহারের ঘটনা ধরা পড়ার আগেই পোর্ট এলিজাবেথ টেস্টেও বল বিকৃতির ঘটনা ঘটেছিল।এ বিষয়ে স্টার্ক বলেন, পোর্ট এলিজাবেথে এমন কিছু ঘটেছিল—এ কথা তিনি প্রথমবার শুনেছেন। তাঁর ভাষ্য, মাঠে কী ঘটতে যাচ্ছে, সে সম্পর্কে বোলারদের কোনো ধারণা ছিল না বলে তাঁরা আগেই যৌথ বিবৃতিতে জানিয়েছিলেন।নতুন তদন্তে আগ্রহী নয় ক্রিকেট অস্ট্রেলিয়া২০১৮ সালের মার্চে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে কেপটাউন টেস্টে বল টেম্পারিংয়ের ঘটনায় তৎকালীন অধিনায়ক স্টিভ স্মিথ, সহ-অধিনায়ক ডেভিড ওয়ার্নার ও ক্যামেরন ব্যানক্রফট শাস্তির মুখে পড়েন। ব্যানক্রফটের হাতে স্যান্ডপেপার ব্যবহারের দৃশ্য সম্প্রচারিত হওয়ার পর বিশ্ব ক্রিকেটে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়।২০২১ সালে ব্যানক্রফট সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান-কে বলেছিলেন, বল টেম্পারিংয়ের বিষয়টি দলের বোলারদের অজানা থাকার কথা নয়। এর পরিপ্রেক্ষিতে চার বোলার যৌথ বিবৃতি দিয়ে নিজেদের সম্পৃক্ততা ও জানাশোনার বিষয়টি অস্বীকার করেন।খাজার সাম্প্রতিক বক্তব্যকে ঘিরে অস্ট্রেলিয়ার ক্রিকেটাঙ্গনে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে। অস্ট্রেলীয় টেস্ট ওপেনার নিক ম্যাডিনসন বিষয়টিকে বই বিক্রির প্রচারকৌশল হিসেবে দেখলেও সাবেক সতীর্থ ডেভিড ওয়ার্নার খাজার বক্তব্যকে সমর্থন করেছেন।তবে ক্রিকেট অস্ট্রেলিয়া জানিয়েছে, আট বছর আগের ঘটনা নিয়ে নতুন করে তদন্তের পরিকল্পনা তাদের নেই। সংস্থাটির প্রধান নির্বাহী গ্রিনবার্গের মতে, অতীতের ঘটনা আবার খতিয়ে দেখে এখন বিশেষ কোনো লাভ হবে না।